তামিলনাড়ু বিজেপির সাবেক সভাপতি কে আন্নামালাইয়ের দলত্যাগ ভারতীয় জনতা পার্টির রাজ্য ইউনিটে বিভাজন এখন প্রকাশ্যে। আন্নামালাইয়ের দলত্যাগের কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করেছেন সহসভাপতি কারু নাগরাজনসহ কয়েকজন প্রবীণ নেতা। বিজেপি ত্যাগ করে সাবেক আইপিএস কর্মকর্তার নতুন রাজনৈতিক আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নাগরাজন তার সমর্থকদের নিয়ে বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তারা সবাই আন্নামালাইয়ের নতুন রাজনৈতিক উদ্যোগকে সমর্থন করবেন বলে জানা গেছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে নাগরাজন বলেন, ‘আমি কোনো নেতাকে দোষারোপ করতে চাই না। আমরা আন্নামালাইকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। যিনি একজন উদ্যমী ও সাহসী নেতা।’
আন্নামালাইয়ের ঘোষণার পর বিজেপি যুব মোর্চার রাজ্য আইন বিষয়ক আহ্বায়ক অভিলাষ গোপীনাথও দল থেকে পদত্যাগ করেছেন।
গোপীনাথ তাঁর পদত্যাগপত্রে বলেছেন, পদত্যাগ সিদ্ধান্তের পেছনে মূল চালিকাশক্তি হলো কে আন্নামালাইয়ের পথ ও স্বপ্নকে অনুসরণ করা। যাঁর নেতৃত্ব, সততা এবং জনজীবনের প্রতি দায়বদ্ধতা আমাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছিল। আমার রাজনৈতিক চলার পথে এখনো প্রভাব বিস্তার করে চলেছে তিনি বলে যোগ করেন গোপীনাথ।




