বিশ্বকাপ চলাকালীন দুঃসংবাদ শুনেন দিদিয়ের দেশম। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তার মা। মায়ের শেষকৃত্যে থাকতে তাই প্যারিসে ফিরে গেছেন তিনি। গতকাল নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ডাগআউটে তাই সহকারি কোচ গাই স্টিফেনকে দেখা গেছে।
গুরু ডাগআউটে না থাকলেও ঠিকই জ্বলে উঠেছে ফ্রান্স। উসমান দেম্বেলের হ্যাটট্রিকে প্রতিপক্ষ নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। তবে জয় পাওয়ার আগে এই ম্যাচে কালো আর্মব্যান্ড পরতে চেয়েছিল ফ্রান্স।
দেশমের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নিয়েছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তার জন্য ফিফার কাছে অনুমতিও চেয়েছিল এফএফএফ। তবে অনুমতি দেয়নি ফিফা। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘ দেশমের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরার অনুমতি চেয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফিফা সে অনুমতি দেয়নি।’ অনুমতি না দেওয়ার কারণ হিসেবে জানা যায়, দেশমের মা যেহেতু বিশ্বকাপের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি নন, তাই দেওয়া হয়নি।
বিকল্প হিসেবে এক মিনিট নীরবতা পালন করার কথা ছিল। তবে সেটাও পরে হয়নি। অবশ্য ম্যাচ শুরুর আগে ১ মিনিটের যে নীরবতা পালন করা হয় তা ছিল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
ফিফা অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ফ্রান্সের অনেক ভক্ত-সমর্থক। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘শ্রদ্ধা কখনোই বিতর্কিত হওয়া উচিত নয়। সহানুভূতি এবং ফুটবল একসাথে চলতেই পারে।’ আরেকজন লিখেছেন, ‘একজন কোচের মায়ের মৃত্যুর পর শোক জানাতে কালো আর্মব্যান্ড পরা ফিফা আটকে দিয়েছে, যা ফিফার মানদণ্ডের চরম সংকীর্ণতা।’
ফিফার ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে একজন লিখেছেন, ‘ফিফার কেন সবসময় এমন দুমুখো নীতি থাকে? তাদের কি মানবিকতাবোধ বলতে কিছু নেই?’




