তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল (৫ জুন) দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু দলের অধিনায়ক মিচেল মার্শ ও তারকা ওপেনার ট্রাভিস হেড এখনো আসেননি।
এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন জেগেছে—স্কোয়াডে থাকার পরও কেন এলেন না মার্শ ও হেড। উত্তরটা পাওয়া গেছে কোড স্পোর্টসে। অস্ট্রেলিয়ার এই সংবাদমাধ্যম জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন না মার্শ। আর হেড পুরো ওয়ানডে সিরিজেই বিশ্রামে থাকবেন। খেলতে পারেন শুধু টি-টোয়েন্টি সিরিজ।
মার্শ-হেড দুজনই সম্প্রতি আইপিএলে ব্যস্ত সময় পার করেছেন। মার্শ খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে, হেডকে দেখা গেছে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে।
আইপিএল চলাকালেই গোড়ালিতে চোট পান মার্শ। তাই ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় ফিরে যান। চোটের কারণে তিনি পাকিস্তান সফরেও যেতে পারেননি।
ধারণা করা হয়েছিল, বাংলাদেশ সফরের আগেও মার্শ শতভাগ ফিট হয়ে উঠবেন। কিন্তু কোড স্পোর্টসের দাবি, মার্শ এখনো পুরোপুরি সেরে ওঠেননি। যদিও এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
হেডের দল সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলের প্লে-অফ পর্বে উঠেছিল। ফলে হেডকে ভারতে থাকতে হয়েছে ২৭ মে পর্যন্ত। ক্লান্ত হেড দেশে ফিরে বিশ্রামে আছেন। তিনি বিশ্রামে থাকতে চান আরো কিছুদিন। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না।
কোড স্পোর্টসের সাংবাদিক ড্যানিয়েল শেরনি লিখেছেন, মার্শের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও ইংলিস অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়া সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে।
সাংবাদিক শেরনি আরো জানিয়েছেন, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ ও কন্ডিশনের কথা মাথায় রেখে স্পিন শক্তি বাড়াতে চায় অস্ট্রেলিয়া। টিম ম্যানেজমেন্ট স্কোয়াডে ঢোকাতে চায় টড মার্ফিকে। ২৫ বছর বয়সী এই অফ স্পিনার ৭টি টেস্ট খেললেও এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।
মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ৯ জুন। একই মাঠে পরের দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ জুন।




