• ই-পেপার

নতুন রানি পাচ্ছে ফ্রেঞ্চ ওপেন

রয়টার্সে অর্থনীতিবিদদের সমীক্ষা

বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সবচেয়ে ‘ফ্লপ’ ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সবচেয়ে ‘ফ্লপ’ ব্রাজিল
২০১৮ বিশ্বকাপ ট্রফি হাতে এমবাপ্পে। বিপরীতে সর্বশেষ বিশ্বকাপে শেষ আটে বিদায়ে নেওয়ার মুহূর্তে রাফিনিয়া-নেইমার। ছবি : ফেসবুক থেকে

ভাগ্য সহায় থাকলে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারত ফ্রান্স। কেননা ২০২২ বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে ৩৬ বছরের অপেক্ষায় ফুরায় আর্জেন্টিনা। খুব কাছে গিয়েও জিততে না পারা ফ্রান্স এবার তৃতীয় শিরোপার লক্ষ্যে নামবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বিশ্বকাপ শুরুর আগেই আবার সুসংবাদ পেয়েছে ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের ট্রফি নাকি তাদের ঘরেই যাচ্ছে। তাদের নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন অর্থনীতিবিদরা। জরিপটি করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জরিপে বিশ্বের ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন। জরিপটি চালানো হয় ১১ মে থেকে ৫ জুন। জরিপে ৩৫ শতাংশ ভোট কিলিয়ান এমবাপ্পেদের পক্ষে পড়েছে। তাদের নিকপ্রতিদ্বন্দ্বী স্পেন পেয়েছে ৩১ শতাংশ ভোট।

শীর্ষ পাঁচের বাকি তিন দল হচ্ছে যথাক্রমে—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৯), পর্তুগাল (৭) ও ইংল্যান্ড (৬)। অন্যদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে ৫ শতাংশ ভোট। র‌্যাংকিংয়ের হিসেবে শীর্ষ ৬ এর মধ্যে ব্রাজিলই সবচেয়ে বাজে। 

11

জরিপ সম্পর্কে লন্ডন ভিত্তিক রয়্যাল ব্যাংক অফ কানাডা (আরবিসি) শাখার সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি বলেছেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশা ভুলে ফ্রান্স আরও শক্তিশালী হয়ে এবার মাঠে নামবে। দলটির অধিকাংশ খেলোয়াড় ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং পিএসজির কয়েকজন তরুণ প্রতিভা আছে। সবচেয়ে বড় কথা, তারা এবার সতেজ কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে।’

শুধু দল নয়, ব্যক্তিগত পুরস্কার কারা জিততে পারে সে সবও জরিপে উঠে এসেছে। গোল্ডেন বল ও বুট দুই পুরস্কারই এমবাপ্পের হাতে উঠতে পারে বলে জানা গেছে অর্থনীতিবিদদের এই জরিপে। গোল্ডেন বলের ২৬ শতাংশর বিপরীতে গোল্ডেন বুটে ৪০ শতাংশ ভোট পেয়েছেন রিয়াল ও ফ্রান্সের ফরোয়ার্ড। গোল্ডেন বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতাংশ ভোট পেয়েছেন লামিনে ইয়ামাল। অন্যদিকে গোল্ডেন বুটে ৩৫ শতাংশ ভোট নিয়ে দুইয়ে আছেন হ্যারি কেইন।

গোলরক্ষকদের পুরস্কার গোল্ডেন গ্লাভসে ২৬ শতাংশ ভোটে শীর্ষে ফ্রান্সের মাইক মেনিয়ঁ। ২২ শতাংশ ভোটে যৌথভাবে দুইয়ে আছেন স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া। ১৭ শতাংশ ভোটে তিনে আছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।

মিচেল মার্শ ও ট্রাভিস হেড কেন বাংলাদেশ সফরে আসেননি

ক্রীড়া ডেস্ক
মিচেল মার্শ ও ট্রাভিস হেড কেন বাংলাদেশ সফরে আসেননি
মিচেল মার্শ (বাঁয়ে) ও ট্রাভিস হেড। ছবি: এআই দিয়ে বানানো

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল (৫ জুন) দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু দলের অধিনায়ক মিচেল মার্শ ও তারকা ওপেনার ট্রাভিস হেড এখনো আসেননি। 

এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন জেগেছে—স্কোয়াডে থাকার পরও কেন এলেন না মার্শ ও হেড। উত্তরটা পাওয়া গেছে কোড স্পোর্টসে। অস্ট্রেলিয়ার এই সংবাদমাধ্যম জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন না মার্শ। আর হেড পুরো ওয়ানডে সিরিজেই বিশ্রামে থাকবেন। খেলতে পারেন শুধু টি-টোয়েন্টি সিরিজ। 

মার্শ-হেড দুজনই সম্প্রতি আইপিএলে ব্যস্ত সময় পার করেছেন। মার্শ খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে, হেডকে দেখা গেছে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। 

AUS In Dhaka
বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া দল। ছবি: বিসিবি

আইপিএল চলাকালেই গোড়ালিতে চোট পান মার্শ। তাই ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় ফিরে যান। চোটের কারণে তিনি পাকিস্তান সফরেও যেতে পারেননি। 

ধারণা করা হয়েছিল, বাংলাদেশ সফরের আগেও মার্শ শতভাগ ফিট হয়ে উঠবেন। কিন্তু কোড স্পোর্টসের দাবি, মার্শ এখনো পুরোপুরি সেরে ওঠেননি। যদিও এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

হেডের দল সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলের প্লে-অফ পর্বে উঠেছিল। ফলে হেডকে ভারতে থাকতে হয়েছে ২৭ মে পর্যন্ত। ক্লান্ত হেড দেশে ফিরে বিশ্রামে আছেন। তিনি বিশ্রামে থাকতে চান আরো কিছুদিন। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না। 

কোড স্পোর্টসের সাংবাদিক ড্যানিয়েল শেরনি লিখেছেন, মার্শের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও ইংলিস অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়া সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে। 

সাংবাদিক শেরনি আরো জানিয়েছেন, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ ও কন্ডিশনের কথা মাথায় রেখে স্পিন শক্তি বাড়াতে চায় অস্ট্রেলিয়া। টিম ম্যানেজমেন্ট স্কোয়াডে ঢোকাতে চায় টড মার্ফিকে। ২৫ বছর বয়সী এই অফ স্পিনার ৭টি টেস্ট খেললেও এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।  

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ৯ জুন। একই মাঠে পরের দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ জুন। 

ঘরের মাঠে আয়োজক কানাডাকে রুখে দিল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে আয়োজক কানাডাকে রুখে দিল আয়ারল্যান্ড

বিশ্বকাপের প্রস্তুতি ভালো হলো না কানাডার। আয়োজক হিসেবে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। মন্ট্রিয়লের সাপুতো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের লড়াই ছিল বেশ জমজমাট।

ফ্ল্যাশস্কোরের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ২৪ মিনিটে স্টিফেন ইউস্তাকুইয়ের নেওয়া কর্নার থেকে আয়ারল্যান্ডের ডিফেন্ডার জেক ওব্রায়েনের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে কানাডা ১-০ লিড পায়। আক্রমন পাল্টা আক্রমণে প্রধমার্ধে কোনো দলই আর গোলের মুখ খুলতে পারেনি।

এদিকে ৬০ মিনিটে বক্সের ভেতর ফাউলে করে বসে কানাডার কাইল লারিন। এতে পেনাল্টি পায় আয়ারল্যান্ড। পেনাল্টি নিতে আসা আইরিশ খেলোয়াড় ট্রয় প্যারটের শট রুখে দেয় কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপেউ। তবে  ফিরতি বলে শট নিয়ে আয়ারল্যান্ডকে সমতায় ফেরান চিডোজি ওগবেন।

ম্যাচের শেষ মুহূর্তে ৮৩ মিনিটে আইরিশ কিশোর ম্যাসন মেলিয়ার একটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে ম্যাচটি ড্র রাখতে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক ক্রেপেউ।

সমালোচনার মুখে পানি নিয়ে সিদ্ধান্ত বদলাল ফিফা

ক্রীড়া ডেস্ক
সমালোচনার মুখে পানি নিয়ে সিদ্ধান্ত বদলাল ফিফা
ছবি : রয়টার্স

উচ্চ মূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন নিয়ে অসন্তোষের পর এবার পানি নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যুতে দর্শকদের পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে সমর্থক ও বিশ্বনেতাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে তারা।

ফিফা গত শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, তীব্র গরমের কথা বিবেচনা করে দর্শকরা এখন থেকে সর্বোচ্চ ২০ আউন্স (৫৯০ মিলি) ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের সিলগালা করা ও একবার ব্যবহারযোগ্য বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।

এর আগে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাতে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু জুন-জুলাইয়ের তীব্র গরমে এমন সিদ্ধান্তকে ‘টাকা হাতিয়ে নেওয়ার কৌশল’ হিসেবে আখ্যা দেন সমর্থকরা। 

এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চোউ এটিকে ফিফার নিছক ‘টাকা কামানোর জঘন্য ফন্দি’ বলে তীব্র সমালোচনা করেন। অনেকেই বলছিলেন, ‘ওরা শুধু টাকা চেনে!’। 

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর।