মালিকানা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ডাকা ধর্মঘটের কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের ব্যানারে ধর্মঘটের ডাক দেওয়া হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল পুনরায় শুরু হয়।
ওসি সাজেদুল ইসলাম বলেন, মালিকদের মধ্যে একটি বিরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হয়। এরপর বাস চলাচল স্বাভাবিক হয়।
বন্ধন পরিবহনের এক পরিচালক জানান, কোম্পানির একটি বাসের মালিকানা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে বন্ধন পরিবহনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহানগর বিএনপির নেতা মাহবুবউল্লাহ তপন মিশনপাড়া এলাকায় বাসটি আটকে দেন। এর প্রতিবাদে বুধবার দুপুরে বন্ধন পরিবহনের বর্তমান পরিচালক শাহাদাত খান লিটন ও এমডি দেলোয়ার হোসেনের অনুসারীরা বাস চলাচল বন্ধ করে দেন বলে তিনি দাবি করেন।
তিনি আরো অভিযোগ করেন, যারা ধর্মঘটের ডাক দিয়েছেন, তাদের অনেকেরই নিজস্ব বাস নেই। নিজেদের স্বার্থে সাধারণ যাত্রীদের জিম্মি করা হয়েছে, এতে পরিবহন মালিক ও শ্রমিকদেরও আর্থিক ক্ষতি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বন্ধন পরিবহনের সাবেক এমডি মাহবুবউল্লাহ তপন এবং বর্তমান এমডি শাহাদাত খান লিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।






