জামালপুরের সরিষাবাড়ীতে নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাঈম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাঈম পৌরসভার সাতপোয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টির সময় আলতা সিনেমা হল এলাকায় নাঈম একটি নারকেল গাছে উঠেন। গাছটি অতিরিক্ত পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত হঠাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এতে তার মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ দেয়নি।




