• ই-পেপার

হবিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ-ইনের চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ-ইনের চেষ্টা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ১১ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (৬ জুন) গভীর রাতে মশালগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, খবর পেয়ে টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে। সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েনসহ নজরদারি জোরদার করা হয়েছে।

শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিরা দাবি করেন, তারা ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করতেন এবং কয়েকদিন আটকে রাখার পর সীমান্তের দিকে পাঠানো হয়।

কান্নাজড়িত কণ্ঠে এক শিশু বলে, ‘আমরা গরিব মানুষ, আমাদের কিছুই নাই।’ অন্যদের অভিযোগ, মুসলমান হওয়ায় তাদের ধরে আনা হয়েছে।

এ বিষয়ে ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

এদিকে, বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি

খুলনা অফিস
খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি
অভিযুক্ত রফিকুল ইসলাম হাওলাদার। ছবি : কালের কণ্ঠ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দারুল আমান মহল্লায় আলোচিত ট্রিপল মার্ডার মামলায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি রফিকুল ইসলাম হাওলাদার। শনিবার (৬ জুন) তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. ফরিদুজ্জামান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (৫ জুন) সকালে বরিশালের কাশিপুর এলাকা থেকে র‌্যাব-৬-এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল জানান, ঈদের দিন রাতে পারিবারিক বিরোধের জেরে রফিকুলকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরদিন সকালে তিনি আবার ওই বাড়িতে ফিরে যান। এ সময় শাশুড়ি বেবী বেগমের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সাক্ষী হয়ে যাওয়ায় শিশু শামীমকেও হত্যা করা হয়। পরে আরেক শিশু মুস্তাকিম ঘটনাটি দেখে ফেললে তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর মরদেহগুলো ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে ঘরে তালা ঝুলিয়ে দেন রফিকুল।

তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর স্ত্রী ফাতেমা বেগম মেরী তার মা ও সন্তানদের খোঁজ করতে থাকলেও রফিকুল বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। পরে ঘর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। তালা কাটার উদ্যোগ নেওয়া হলে রফিকুল কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরে বরিশালে পালিয়ে যান। পরে গতকাল শুক্রবার তাকে আটক করে পুলিশে সোপর্দ করে র‌্যাব।

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। শনিবার দুপুরে তাকে আদালতে নেওয়া হলে তিনি জবানবন্দি প্রদান করেন।

প্রসঙ্গত, গত ৩০ মে খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে বেবী বেগম (৬৫), তার নাতি শামীম (১৩) ও মুস্তাকিমের (৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই শিশুর বাবা মাসুম বেপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার সাবেক স্ত্রীর বর্তমান স্বামী রফিকুল ইসলাম হাওলাদারকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

হিলি সীমান্তে ৫ জনকে পুশ ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি সীমান্তে ৫ জনকে পুশ ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইনের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) ভোরের দিকে ঘাসুড়িয়া সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশ-ইনের বিষয়টি টের পেয়ে বিজিবি শক্তিশালী অবস্থান নেয়। ফলে পুশ-ইন চেষ্টা পণ্ড হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। তিনি জানান, ভারত থেকে অবৈধপথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে।

তিনি বলেন, অরক্ষিত সীমান্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি নজরদারি করছে। এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আটক ২৪

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আটক ২৪
সংগৃহীত ছবি

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও পুলিশের দাবি, আটকদের মধ্যে ৯ জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আগে দুপুর থেকেই সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে থাকেন।

ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘মিছিলের সম্ভাব্য তথ্য পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে পরে তারা বাজারের বাইরে মিছিল করে। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে।’

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।