জাপানের ফুকুশিমায় চারজনকে আহত করার পর এক ‘ধূর্ত’ বুনো ভালুক লাপাত্তা হয়েছে। গত মঙ্গলবার দুটি কারখানায় হামলা চালিয়ে ভালুকটি একটি ভবনের ভেতর আশ্রয় নেয়। এরপর শিকারি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফাঁদ ও চেতনানাশক বন্দুক দিয়ে গুলি ছুড়েও সেটিকে ধরতে পারেননি। ফুকুশিমার মেয়র ইউকি বাবা জানান, অক্ষত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় ভালুকটি নিজে নিজেই জানালার লক খোলে এবং তৃষ্ণা মেটাতে পানির কল (ট্যাপ) চালু করে। গত বছর জাপানে ভালুকের আক্রমণে রেকর্ড ১৩ জন মারা গেছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে বনে খাবার বেড়ে যাওয়ায় এদের সংখ্যা ও লোকালয়ে আসার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সূত্র : জিওটিভি

