• ই-পেপার

মার্কিন কংগ্রেসে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিল পাস

জাপানে ৪ জনকে কামড়ে পালাল ‘ধূর্ত ভালুক’

কালের কণ্ঠ ডেস্ক
জাপানে ৪ জনকে কামড়ে পালাল ‘ধূর্ত ভালুক’

জাপানের ফুকুশিমায় চারজনকে আহত করার পর এক ধূর্ত বুনো ভালুক লাপাত্তা হয়েছে। গত মঙ্গলবার দুটি কারখানায় হামলা চালিয়ে ভালুকটি একটি ভবনের ভেতর আশ্রয় নেয়। এরপর শিকারি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফাঁদ ও চেতনানাশক বন্দুক দিয়ে গুলি ছুড়েও সেটিকে ধরতে পারেননি। ফুকুশিমার মেয়র ইউকি বাবা জানান, অক্ষত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় ভালুকটি নিজে নিজেই জানালার লক খোলে এবং তৃষ্ণা মেটাতে পানির কল (ট্যাপ) চালু করে। গত বছর জাপানে ভালুকের আক্রমণে রেকর্ড ১৩ জন মারা গেছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে বনে খাবার বেড়ে যাওয়ায় এদের সংখ্যা ও লোকালয়ে আসার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সূত্র : জিওটিভি

 

ইসরায়েলকে অপছন্দ করেন ৭৯% বাংলাদেশি

কালের কণ্ঠ ডেস্ক
ইসরায়েলকে অপছন্দ করেন ৭৯% বাংলাদেশি

বাংলাদেশের প্রায় ৭৯ শতাংশ মানুষ ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। এর মধ্যে ৬৪ শতাংশ মানুষের ধারণাখুবই নেতিবাচক এবং ১৫ শতাংশের ধারণা কিছুটা নেতিবাচক। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা জনমত জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টার-এর সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে একটি চমকপ্রদ তথ্যও উঠে এসেছে। বাংলাদেশের প্রায় ১৩ শতাংশ মানুষ ইসরায়েলের প্রতি ইতিবাচক বা সমর্থন করেন। যার মধ্যে ৮ শতাংশ কিছুটা ইতিবাচক এবং ৪ শতাংশ খুবই ইতিবাচক। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে ৪৪ হাজারেরও বেশি মানুষের ওপর এই জরিপ চালানো হয়। সূূত্র : পিউ রিসার্চ সেন্টার

 

৭ বছর পর উত্তর কোরিয়ায় চিনপিং

কালের কণ্ঠ ডেস্ক
৭ বছর পর উত্তর কোরিয়ায় চিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দুই দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। প্রায় সাত বছরের মধ্যে এটি হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। কিম জং উনের আমন্ত্রণে শি আগামী ৮ থেকে ৯ জুন উত্তর কোরিয়ায় অবস্থান করবেন। সর্বশেষ ২০১৯ সালে তিনি পিয়ংইয়ং সফর করেছিলেন। এমন একসময়ে এই সফরটি হতে যাচ্ছে, যার মাত্র কয়েক সপ্তাহ আগেই বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অতিথি করেছিলেন শি। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্রনীতির ওপর এই দুই দেশেরও বড় ধরনের প্রভাব রয়েছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র হচ্ছে চীন। সূত্র : বিবিসি

 

ভারতে ১৫ মসজিদ সিলগালা

কালের কণ্ঠ ডেস্ক
ভারতে ১৫ মসজিদ সিলগালা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের বিষয়ে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র আপত্তির মুখে ১৫টি মসজিদ সাইট সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন বা এপিআইওয়াইও নামের একটি স্থানীয় আদিবাসী যুব সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর রাজ্য প্রশাসন এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল শুক্রবার ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে। আদিবাসী যুব সংগঠনটি এই অবৈধ ধর্মীয় স্থাপনা উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে এর আগে রাজধানী অঞ্চলে ২৪ ঘণ্টার এক প্রতীকী হরতাল বা বন্ধ পালন করেছিল এবং তাদের দাবি পুরোপুরি মানা না হলে আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। সূত্র: এনডিটিভি