ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় তারকাদের। কখনো আড্ডা, কখনো গল্প, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে ছবি—সবই যেন বাস্তব! আর সেসব ছবি দেখে মনে হবে মেসি যেন এখন ঢাকাই তারকাদের ঘরের মানুষ! তবে এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কারিশমা।
বাস্তবে মেসির সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেলেও প্রযুক্তির সহায়তায় সেই স্বপ্নের মুহূর্ত তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখরা। আর তাদের এই সৃজনশীল উদ্যোগ বেশ উপভোগ করছেন ভক্ত-অনুরাগীরাও।
আর্জেন্টিনার নিবেদিত সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা কচি খন্দকার সম্প্রতি এআই দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে দেখা যায় মেসির সঙ্গে গল্পে মেতে উঠতে। 
ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভাই মেসি, তুমি মানুষ না মহান এলিয়েন। তুমি আমাকে চা পান করতে করতে কথা দিয়েছিলে গোল দেবে। তবে আজও দুই গোল দেবে বিস্ময়! ভাষা হারিয়ে ফেলছি। তোমরা খুশি হও, প্লিজ রাগ করো না।’
অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও যোগ দিয়েছেন এই ডিজিটাল ট্রেন্ডে। এআইয়ের মাধ্যমে তৈরি করা মেসির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’

প্রিয় অভিনেত্রীকে বিশ্বসেরা ফুটবলারের পাশে দেখে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের একসঙ্গে বেশ মানিয়েছে।’
এদিকে অভিনেতা নিলয় আলমগীরও মেসির সঙ্গে কাল্পনিক আড্ডার একটি ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন। মজার ছলে তিনি লিখেছেন, ‘শুধু হ্যাটট্রিক করলে চলবে না, পরের ম্যাচে আরও ভালো করতে হবে!’ তাঁর পোস্টে মন্তব্য করে এক ভক্ত লিখেছেন, ‘বস, আপনার পাশে আছি। আমরাও মেসিভক্ত।’

অন্যদিকে অভিনেত্রী জাকিয়া বারী মমও এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন ব্যতিক্রমী একটি ছবি। রটারডাম চলচ্চিত্র উৎসবের একটি মুহূর্তকে পটভূমি হিসেবে ব্যবহার করে তৈরি সেই ছবিতে দেখা যায়, তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল মেসি।
আর্জেন্টিনার এক জয়ের পর ছবিটি পোস্ট করে মম লিখেছেন, ‘চমৎকার জয়ের রাত। ভালোবাসা মেসি।’

অভিনেতা আমিন আজাদও এই ট্রেন্ডে শামিল হয়েছেন। মেসির সঙ্গে নিজের এআই-নির্মিত একটি ছবি পোস্ট করে রহস্যময় ভঙ্গিতে তিনি লিখেছেন, ‘দেখা যাক কি হয়....।’
এআই প্রযুক্তির কল্যাণে তৈরি এসব কাল্পনিক ছবি শুধু তারকাদের আনন্দই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে নতুন এক বিনোদন। প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা প্রকাশের এই অভিনব উপায় এখন ভক্তদের কাছেও বেশ উপভোগ্য হয়ে উঠেছে।




