রাজধানীর ধানমণ্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অবৈধভাবে দখল করে ব্যবসার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে ধানমণ্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ ছাড়া ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সেই সঙ্গে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।




