কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে স্বামীর সঙ্গে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত নারী জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকার কামরুল ইসলাম খানের মেয়ে কণা আক্তার (১৯)। তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকার মাসুদের ছেলে সৌদিপ্রবাসী মেহেদীর স্ত্রী।
নিহতের স্বজনেরা জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে পারিবারিকভাবে কণার সঙ্গে সৌদিপ্রবাসী মেহেদীর বিয়ে হয়। বিয়ের এক মাস পর স্বামী প্রবাসে চলে যান। এর কিছুদিন পর থেকেই শাশুড়ির সঙ্গে কণার পারিবারিক কলহ শুরু হয়, যা একপর্যায়ে শারীরিক ও মানসিক নির্যাতনে রূপ নেয়।
এ ছাড়া শ্বশুরবাড়ির লোকজন কণা ও তার পরিবারের কাছে যৌতুক ও বিভিন্ন জিনিসপত্র দাবি করে চাপ সৃষ্টি করতে থাকেন। এতে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে কণা তার বাবার বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন। তিন-চার দিন আগে কণা তার নানাবাড়ি কাপাইস এলাকায় বেড়াতে যান।
মঙ্গলবার সকালে প্রবাসী স্বামী মেহেদীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে নানাবাড়িতে থাকা অবস্থায় একটি কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। জানালা দিয়ে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।




