অবৈধ পন্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা দিতে এসে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলেন, মো. মমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে গত ১৯ জুন লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে ১০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ২৪,২৫ ও ২৮ জুন মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারন করে নিয়োগ কমিটি। এর মধ্যে আজ (২৫ জুন) ৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় চারজন ধরা পড়েন যারা প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পরে তাদেরকে শাহাবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। মৌখিক পরীক্ষা নেওয়ার সময় এই চার প্রার্থী আশানুরূপ পারদর্শিতা দেখাতে ব্যর্থ হন। এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে মিল না পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা লিখিত পরীক্ষায় অংশ না নিয়ে অন্য ব্যক্তিদের প্রক্সি প্রদানের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান রাতে কালের কণ্ঠকে বলেন, থানায় চারজনকে আনা হয়েছে। মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।




