মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল ইসলাম (১৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুনপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা পশ্চিম পাড়া গ্রামের রহম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের বা কোনো ছিনতাইচক্র তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রিকে আটক করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুন পাড়া এলাকায় পাকা রাস্তার ওপর একটি রিকশা ও পাশেই পাটক্ষেতে মরদেহ দেখতে পায় শাউন মোল্লা নামে এক পথচারী। তিনি মুঠোফোনে বিষয়টি থানা পুলিশক জানান। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে তার ব্যবহৃত মুঠোফোন ও জুতা পাওয়া যায়। মুঠোফোনের সূত্র ধরে নিহত ব্যক্তির নাম পরিচয় মিলে।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম নিহতের পরিবার ও সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে বলেন, ‘মঙ্গলবার দুপুরে পরিচিত এক প্রতিবেশীকে নিয়ে মানিকগঞ্জ সদরে যান সাকিবুল ইসলাম। সন্ধ্যার দিকে দুজন যাত্রী নিয়ে সিংগাইরের জামশা গোলাইডাঙ্গা বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে গোলাই নতুন পাড়া এলাকায় এসে রিকশাটি থেমে যায়।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই দুই ব্যক্তি যাত্রীবেশে ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাটি ঘটনাস্থলে নিয়ে আসেন। পরে তাকে হত্যা করা হয়। তখন মানুষের উপস্থিতি টের পেয়ে রিকশা রেখেই দ্রুত পালিয়ে যান তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’