• ই-পেপার

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইর পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইর পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল ইসলাম (১৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুন পাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা পশ্চিম পাড়া গ্রামের রহম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের বা কোনো ছিনতাইচক্র তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রীকে আটক করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুন পাড়া এলাকায় পাকা রাস্তার ওপর একটি রিকশা ও পাশেই পাটক্ষেতে মরদেহ দেখতে পায় শাউন মোল্লা নামে এক পথচারী। তিনি মুঠোফোনে বিষয়টি থানা পুলিশক জানান। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে তার ব্যবহৃত মুঠোফোন ও জুতা পাওয়া যায়। মুঠোফোনের সূত্র ধরে নিহত ব্যক্তির নাম পরিচয় মিলে।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম নিহতের পরিবার ও সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে বলেন, ‘মঙ্গলবার দুপুরে পরিচিত এক প্রতিবেশীকে নিয়ে মানিকগঞ্জ সদরে যান সাকিবুল ইসলাম। সন্ধ্যার দিকে দুজন যাত্রী নিয়ে সিংগাইরের জামশা গোলাইডাঙ্গা বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে গোলাই নতুন পাড়া এলাকায় এসে রিকশাটি থেমে যায়।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই দুই ব্যক্তি যাত্রীবেশে ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাটি ঘটনাস্থলে নিয়ে আসেন। পরে তাকে হত্যা করা হয়। তখন মানুষের উপস্থিতি টের পেয়ে রিকশা রেখেই দ্রুত পালিয়ে যান তারা। এঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ নাবিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ নাবিকের মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলার এফবি দেশ’র ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০) মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ কালের কণ্ঠকে বলেন, নিহত মো. রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। তার মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। শাহ আলমের বাড়ি নোয়াখালীতে। তাকে বুধবার সকালে দাফন করা হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ ছাড়া দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকা উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ বুধবার সকালে ছাড়পত্র পেয়েছেন।

এ ঘটনায় ৩০ জুন ফিশিং ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।

ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

শ্রমিক ধর্মঘটের জেরে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) দুই হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর এই গার্মেন্টেসটি বন্ধ ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা কারখানায় বে-আইনি ধর্মঘট করে কাজ বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ তাদের কাজে যোগদান করার জন্য অনুরোধ করলেও ৩০ জুন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখে। পরে বাধ্য হয়ে ১ জুলাই থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট ২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৭ জুন রুবিনা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাকে কারখানার মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিটিউট মেডিক্যালে রেফার করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরদিন সকালে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর জানাজানি হলে কারখানার অন্য শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক দিন ধরে কারখানায় অসন্তোষ বিরাজ করছিল।

মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ফেনীতে পাওয়ার টিলার-সিএনজি সংঘর্ষে নিহত ১

ফেনী প্রতিনিধি
ফেনীতে পাওয়ার টিলার-সিএনজি সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

ফেনী ছাগলনাইয়ার মির্জ্জার বাজারের রোশন ফকিরের মাজারে সামনে পাওয়ার টিলার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) সকালে ছাগলনাইয়া মির্জ্জার বাজারের রোশন ফকিরের মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন খোকন(৫৫) ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ছাগলনাইয়া থেকে আমজাদহাটগামী সিএনজি মির্জ্জার বাজারের রোশন ফকিরের মাজার সংলগ্ন স্থানে পৌঁছানোর পর জমি থেকে রাস্তায় উঠে আসা এক পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকের পাশে বসা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠায় স্থানীয়রা। 

ছাগলনাইয়া ওসি আবু তাহের জানান, মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনাকবলিত পাওয়ার ট্রিলার ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।