• ই-পেপার

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

কেরানীগঞ্জে ছিনতাইকারীদের হামলায় যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে ছিনতাইকারীদের হামলায় যুবকের মৃত্যু, মোটরসাইকেল ছিনতাই
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের হামলায় তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পবন মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে এক নারী যাত্রী ছিলেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

পথে একদল ছিনতাইকারী মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পবনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পথচারীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া

প্রশাসক পেল নবগঠিত সেই চার ইউনিয়ন পরিষদ

বগুড়া অফিস
প্রশাসক পেল নবগঠিত সেই চার ইউনিয়ন পরিষদ

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় উপজেলায় নবগঠিত চার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পাওয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠান।

ইউএনও স্বাক্ষরিত পৃথক চিঠিতে বলা হয়, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত মীর বাড়ি, স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন গঠিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন অনুয়ায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ওইসব  ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

এতে চারজন সরকারি কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়। তারা হলেন শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের জন্য শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়ন পরিষদের জন্য শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গেজেট অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। একইভাবে সৈয়দপুর ইউনিয়ন বিভক্ত করে গঠন করা হয়েছে সীমান্ত ইউনিয়ন। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। 

এছাড়া দেউলী ইউনিয়ন থেকে পৃথক করে দীগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। আটটি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

এর আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে। পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, তিনি নিজের সন্তানদের নামে কোনো ইউনিয়ন পরিষদের নামকরণ করেননি। এটি কাকতালীয় ঘটনা।

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিছ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৭ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দিবগত ২টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ হ্নীলা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশে ভয়াবহ মাদক বিস্তার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টাঙ্গাইলে জমির বিরোধে আহত যুবদল নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে জমির বিরোধে আহত যুবদল নেতার মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানের জমি নিয়ে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে চলে গেলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে শাহ আলমসহ কয়েকজন আহত হন।

শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস ছালাম বলেন, যুবদল নেতার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।