সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ বছর শিক্ষাখাতে জিডিপির দুই ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেট বরাদ্দের সর্বোত্তম ব্যবহার করতে হবে।
বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে "ডিন'স এওয়ার্ড ২০২৬" প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ, যা গড়ে তোলেন শিক্ষকরা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। সেজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতকে (টিভেট) বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
এহছানুল হক মিলন বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্বে দিবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সমাজসেবা ও জাতিগঠনে আত্মনিয়োগ করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হলো। মোট চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদভুক্ত ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের ১০৪ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।





