জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রবিবার (২৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।
আয়োজকরা জানান, প্রথম দিনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ করা হয়। দ্বিতীয় দিনে ব্যবসায় শিক্ষা, চারুকলা ও ইনস্টিটিউট এবং তৃতীয় দিনে বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।’ তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন, বিশেষ করে হল আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা সামনের সারিতে ভূমিকা রেখেছেন এবং কারাবরণও করেছেন। সাম্প্রতিক জাকসু নির্বাচনের ফলাফল ছাত্রশিবিরের প্রতি শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা, মনন ও নৈতিকতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে হবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসের ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং জাকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।





