বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে এক লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি দুই লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ির পোয়াবন এলাকার জারুলিয়াছড়ি সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১ বিজিবির জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৬/৪-এস সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ করে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দুটি ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে এক লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

