• ই-পেপার

১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার

অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, হয়রানি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, হয়রানি

খাগড়াছড়ির রামগড়ে সিএনজিচালিত অটোরিকশার অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচল নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বিপুলসংখ্যক সিএনজিচালিত অটোরিকশার অনেকগুলোরই বৈধ নিবন্ধন, ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই। এর পরও এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঈদ, পূজা-পার্বণসহ বিভিন্ন উৎসব ও বিশেষ সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে ভাড়া বৃদ্ধির প্রবণতা আরো বেড়েছে বলে অভিযোগ উঠেছে।  স্থানীয় সূত্র জানায়, অটোরিকশার অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রামগড় থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি এমপির

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি এমপির

মাদক ব্যবসা ছাড়ো, না হলে পীরগঞ্জ ছাড়ো। তা না হলে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবেএমন হুঁশিয়ারি দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। বৃহস্পতিবার সন্ধায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর ফুটানী টাউনে জনসচেতনতামূলক এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ করে এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বর্তমানে এলাকায় মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। যুবসমাজ ধ্বংসের দাড়প্রান্তে। মাদকের প্রভাবে সমাজে দিন দিন অবক্ষয় নেমে আসছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। যারা মাদক ব্যবসা করছেন তারা আমাদের এলাকারই বাসিন্দা। তোমরা মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশায় আসো। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ভূরুঙ্গামারীতে ১০৫ দোকানঘর ভস্মীভূত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে ১০৫ দোকানঘর ভস্মীভূত

ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে ১০৫টি দোকানঘর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের বাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কাপড়পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের অন্তত ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় খোলা মার্কেটের ১০৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী তাঁদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আক্তারুজ্জামান বলেন, আমি আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার দোকানঘর পুড়ে ছাই। কোনো মালপত্রই বের করতে পারিনি। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে এতে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কসবা রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার রাতে। নিহত তোফায়েল আহমেদ উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তোফায়েল বন্ধুদের সঙ্গে স্টেশনে অবস্থান করছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছলে এক বৃদ্ধ যাত্রী ট্রেন থেকে নেমে মাঝের রেললাইনে দাঁড়িয়ে পড়েন। এ সময় ওই লাইন দিয়ে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস অতিক্রম করছিল। বিষয়টি দেখতে পেয়ে রেললাইন থেকে বৃদ্ধকে সরিয়ে দিলেও নিজে সরে যাওয়ার আগেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।