• ই-পেপার

হিউম্যান রাইটস ওয়াচ

আইনি প্রক্রিয়া ছাড়াই পুশ ব্যাক করছে ভারত

এবার পর্তুগালকে রুখে দিল কঙ্গো

ক্রীড়া প্রতিবেদক
এবার পর্তুগালকে রুখে দিল কঙ্গো
সমতা ফেরানো গোলের পর কঙ্গোর খেলোয়াড়দের বাঁধনহারা উল্লাস। ছবি : রয়টার্স

এইতো তিন দিন আগে স্পেনকে রুখে দিয়ে রূপকথার গল্প লিখেছিল কেপ ভার্দে। ড্র করেও ম্যাচ জেতার মতো উল্লাসে মেতেছিল দ্বীপ দেশটি। এবার পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা দেশটি এবারই প্রথম বিশ্বকাপে গোল করতে পেরেছে। আর সেই গোলই এনে দিয়েছে মহামূল্যবান একটি পয়েন্ট। আর অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে আসা পর্তুগালের শুরুটা হলো হতাশা দিয়ে।

প্রথম ফুটবলার হিসেবে গতকাল বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন লিওনেল মেসি। ১৬ ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ডে ভাগ বসান পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও। এবারের আসরে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন মেসি; কিন্তু কঙ্গোর বিপক্ষে নিষ্প্রাণ ছিলেন রোনালদো। তাতে টানা ছয় বিশ্বকাপে গোল করার অপেক্ষা বাড়ল ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের। বিশ্বকাপে রোনালদোর গোল আটটি। গত কয়েকটি বড় আসরে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ২০২২ সালের আসরে করেছিলেন মোটে এক গোল, সেটাও ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে। এরপর ২০২৪ ইউরোতে পাঁচ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি।

হিউস্টনে গত রাতে কিক অফের পর থেকেই কঙ্গোর রক্ষণে হানা দিতে থাকে পর্তুগাল। দুই উইং ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা করে দলটি। প্রথম গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতেও হয়নি। খেলার ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে লিড এনে দেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর মাপা ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন নেভেস। শুরুতেই এগিয়ে যাওয়ার আনন্দে মাতে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। এবারের আসরের দ্বিতীয় দ্রুততম গোল এটি। প্রথমটি করেছিলেন কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির এনমেচা।

পিছিয়ে পড়ে পর্তুগালের ওপর চাপ ফেলতে চেষ্টা করে কঙ্গো। সুযোগও তৈরি করেছিল, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। সময় বাড়লে ঢিমেতালে চলতে থাকে ম্যাচ। পর্তুগাল মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিলেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ আর ভাঙতে পারেনি। এমনকি প্রথমার্ধের শেষ ৩০ মিনিটে গোলমুখে কোনো শটই নিতে পারেনি ক্রিস্তিয়ানো রোনালদোরা। উল্টো বিরতির ঠিক আগে পর্তুগালকে চমকে দিয়ে সমতা ফেরায় কঙ্গো। ডান দিক থেকে মাসুয়াকুর হাওয়ায় ভাসানো বলে লাফিয়ে উঠে হেডে জাল খুঁজে নেন ইয়োন ভিসা। বিশ্বকাপের মঞ্চে কঙ্গোর এটিই প্রথম গোল। বিরতির পরও পর্তুগালের ওপর চাপ ধরে রাখে কঙ্গো।

অনেকটা সময় নিষ্প্রভ থাকা রোনালদোর সামনে সুযোগ আসে ৬৮ মিনিটে; কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। সতীর্থের বাড়ানো পাস বক্সের ভেতরে পেয়ে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। বাকি সময়ে কঙ্গোর বক্সে এদিন হতাশার সময়ই পার করেছেন রোনালদো। তাতে পর্তুগালও পায়নি আর গোলের দেখা। হতাশার ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করল পর্তুগাল। আর শক্তিতে অনেক পিছিয়ে থাকা কঙ্গো পেয়েছে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

টিএসসিতে মানুষের ঢল

টিএসসিতে মানুষের ঢল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ দেখতে মানুষের ঢল। ছবি : শেখ হাসান

স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭ শীর্ষক কর্মশালা

স্বাস্থ্য ব্যয়ের ৭৯% যায় নিজ পকেট থেকে

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ব্যয়ের ৭৯% যায় নিজ পকেট থেকে

বর্তমানে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ মানুষকে নিজ পকেট থেকেই বহন করতে হয়, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বেশি। তাই স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও জনগণের চিকিৎসা ব্যয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গতকাল বুধবার সকালে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজনে স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭ শীর্ষক স্বাস্থ্য সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এ আলোচনায় অংশ নেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চিকিৎসক ও স্বাস্থ্য সাংবাদিকরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন এনডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. এ কে এম ওয়ালীউল্লাহ। প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক এবং প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ।

মূল প্রবন্ধে ড. রুমানা হক বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ শুধু স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য নয়, দারিদ্র্য হ্রাস ও মানবসম্পদ উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হয়, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বেশি। থাইল্যান্ডে এ হার ১০ শতাংশ এবং মালদ্বীপে ১৫ শতাংশ। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির ১.০১ শতাংশ এবং জাতীয় বাজেটের ৭.৪ শতাংশ। গত এক দশকের মধ্যে এটি সর্বোচ্চ বরাদ্দ। বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, টিকাদান এবং অসংক্রামক রোগের স্ক্রিনিংয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. রুমানা হক বলেন, স্টেন্ট, চোখের লেন্স, কিডনি ডায়ালিসিস যন্ত্রপাতি ও ক্যান্সারের ওষুধের কাঁচামালে করছাড় রোগীদের ব্যয় কমাতে সহায়ক হবে। পাশাপাশি পাঁচ হাজার চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড চালু এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করবে। তবে উন্নয়ন বাজেটের প্রায় ২৩ হাজার ৫২২ কোটি টাকা থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে, যার কার্যকর ব্যবহার নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

প্রধান আলোচক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে না পারলে বড় বাজেটের সুফল পাওয়া যাবে না। হাসপাতাল ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো, ওষুধ সরবরাহ ও রক্ষণাবেক্ষণে জবাবদিহি নিশ্চিত করা এবং দ্রুত প্রকল্প বাস্তবায়ন জরুরি।

ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের অন্তত ১৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন। বর্তমানে ব্যক্তির নিজস্ব চিকিৎসা ব্যয়ের কারণে প্রতিবছর প্রায় ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ বলেন, স্বাস্থ্য খাতের অন্যতম সমস্যা প্রশাসনিক অদক্ষতা। অনেক চিকিৎসক প্রশাসনিক দায়িত্বে থাকলেও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দের বড় অংশ প্রতিবছর অব্যবহৃত থেকে যায়, যা উন্নত সেবা নিশ্চিতের পথে বড় বাধা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, টেন্ডার ব্যবস্থার সংস্কার, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসাপ্রাপ্ত চৌগাছা মডেল প্রমাণ করেছে, জনসম্পৃক্ততা থাকলে সীমিত সম্পদ দিয়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

সভাপতির বক্তব্যে ডা. ওয়ালীউল্লাহ বলেন, সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতি, দালালচক্র এবং কিছু অসাধু গোষ্ঠীর প্রভাব এখনো বড় সমস্যা। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হয়। তিনি যশোরের চৌগাছা স্বাস্থ্য মডেলের উদাহরণ তুলে ধরে বলেন, স্থানীয় জনগণ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্পৃক্ততার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব।

বরিশালে ইজি বাইক চালক হত্যা

আসামিদের গ্রেপ্তারের পর ঘর পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আসামিদের গ্রেপ্তারের পর ঘর পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

বরিশালে ইজি বাইকচালক নাজমুল মোল্লা হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণা ফুলিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নগরীর চণ্ডিপুর এলাকার রুস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম, হরিণা ফুলিয়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন, মিরাজের স্ত্রী কামরুন নাহার এবং মা ফরিদা বেগম। আসামিদের গ্রেপ্তারের পর হরিণা ফুলিয়া এলাকার তাঁদের বসতঘরে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। ঘরটি পুরোপুরি পুড়ে গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে হরিণা ফুলিয়া এলাকার দূরত্ব অনেক বেশি বলে আমরা যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। ঘরে আগুন দেওয়ার বিষয়ে ওই এলাকায় জিজ্ঞাসাবাদে কারো নাম পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কাজটি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার দুপুরে কালিজিরা নদীর তেমাথা এলাকা থেকে ইজি বাইকচালক নাজমুল মোল্লার (২২) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণ ফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। রশিদ মোল্লা ওই দিনই এয়ারপোর্ট থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলার সূত্র ধরে গতকাল সকালে আসামিদের গ্রেপ্তার করে।

কালের কণ্ঠকে দেওয়া রশিদ মোল্লার ভাষ্য, হরিণা ফুলিয়া এলাকার ইউনূস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন, মিরাজের স্ত্রী কামরুন নাহার, মিরাজের মা ফরিদা বেগম এবং ভাই ইমরান আমার ছেলে নাজমুলকে হত্যা করেছে। তাদের সঙ্গে ছিল আমার মেয়ের জামাই সাইফুল ইসলাম। পুলিশ তাদের গ্রেপ্তার করার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এতে আমাদের করার কিছু নেই। আমরা আইনি সহায়তা চেয়েছি।

এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। ইমরানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

নাগরির ২৬ নম্বর ওয়ার্ডের হরিণা ফুলিয়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান, সোহরাব হোসেন ও ওমর ফারুকের ভাষ্য, নাজমুল আমাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। তাকে আমাদের এলাকায় এনে খুন করা হয়েছে। বিষয়টি আমরা গতকাল সকালে জানতে পারি। খুনিদের গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন ওই বাড়িটি খুঁজে বের করে আগুন ধরিয়ে দিয়েছে। পুরো বাড়ি পুড়ে গেছে।

গাইবান্ধায় কিশোর হত্যার অভিযোগে ২ কিশোরের বাড়িতে হামলা : গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা সদর উপজেলায় রাহাত মিয়া (১৬) নামের এক কিশোরকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে এ ঘটনা ঘটে। যে দুই কিশোরের বিরুদ্ধে এ অভিযোগ, তারা মৃত রাহাত মিয়ার দুই বন্ধু সাকিব মিয়া (১৫) ও রিফাত মিয়া (১৬)

গতকাল বুধবার রাহাত মিয়ার বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন সাকিব ও রিফাতের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

মারা যাওয়া রাহাত রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয়ভাবে সে গাটু নামে পরিচিত। সাকিব একই এলাকার জবান আলীর ছেলে এবং রিফাত সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর সপরিবারে তারা গা ঢাকা দিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, উত্তর হরিণ সিংহা গ্রামের বিশাল হাওয়া দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাত। কোনো একটি বিষয়ে তাদের মধ্যে তর্ক বেধে যায়। এক পর্যায়ে সাকিব ও রিফাত দুজন মিলে রাহাতকে ক্রমাগত পানিতে চুবাতে থাকে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন রাহাতকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় লোকজন জানায়, গতকাল নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ লোকজন বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগ ওঠা দুই কিশোরের বাড়িতে হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাড়ির ভেতরে ঢুকে আসবাব ভাঙচুর করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে আশপাশের বাড়ির লোকজন ও স্থানীয় লোকজনের বাধার মুখে তারা ব্যর্থ হয়।

গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে জানান, কিভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।