• ই-পেপার

সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

অর্থের বিনিময়ে সামাজিক বিচারে অবিচার করা যাবে না : আমানউল্লাহ আমান

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
অর্থের বিনিময়ে সামাজিক বিচারে অবিচার করা যাবে না : আমানউল্লাহ আমান

অর্থের বিনিময়ে সামাজিক বিচারে অবিচার করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, বিএনপি কোনো অবিচার বা জুলুম পছন্দ করে না। বিএনপি জনগণের দল, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দল। এখানে সবাই সুবিচার পাওয়ার অধিকার নিয়ে আসে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেরাণীগঞ্জ উপজেলা হলরুমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। নারী ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের সহজ শর্তে ১০ হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাই এ ধরনের সুবিধা পাবেন। এ ছাড়াও দেশের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানিভাতা দেওয়া হচ্ছে।

আমান বলেন, তারেক রহমানের হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি তার পিতা-মাতার আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এই সংসদ সদস্য বলেন, কেরাণীগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত, চাঁদাবাজমুক্ত ও অবিচারমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ সবাই ভাই ভাই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।

কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস, কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির প্রমুখ। 
 

লালপুর

মাঠ পেরিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হাঁটুপানি, পাঠদান বন্ধ

লালপুর (নাটোর) প্রতিনিধি
মাঠ পেরিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হাঁটুপানি, পাঠদান বন্ধ
কয়েকদিনের বৃষ্টিতে নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ প্লাবিত হয়েছে। প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষেও এখন হাঁটুপানি। বৃহস্পতিবার সকালে তোলা। -কালের কণ্ঠ

নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে প্রতিষ্ঠানটিতে পাঠদান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে সেখানে হাঁটুসমান পানি দেখতে পায়। পরে বিষয়টি তারা প্রধান শিক্ষককে জানায়। একপর্যায়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পাঠদান বন্ধ রাখার কথা বলে প্রধান শিক্ষক।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টি লালপুর বাজারের পাশে অবস্থিত। বাজারের তুলনায় প্রতিষ্ঠানটির ভূমি নিচু হওয়ায় বাজারের পানি বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে পড়ে। পানি অপসারণের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।  বৃষ্টি একটু বেশি হলেই সেই পানি ঢোকে শ্রেণিকক্ষে। 

লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস হোসেন বলেন, ‘বৃষ্টির পানিতে বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষ ও মাঠ তলিয়ে গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে। পানি নেমে গেলে পুনরায় স্বাভাবিক হবে পাঠদান।’

এদিকে, বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম রবি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকতউল্লাহ বিদ্যালয় প্রাঙ্গণ  সরজমিন পরিদর্শন করে প্রধান শিক্ষককে জলবদ্ধতা নিরাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মো. রবিউল ইসলাম রবি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫
সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব সময় ইয়াবা পাচারে জড়িত ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান উদ্ধার করে পুলিশ। আটকরা হলেন-  কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন। দৃপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকায় যাচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

পানি-কাদার মধ্যে প্যালাসাইটিং নির্মাণ

ঝিনাইদহ সংবাদদাতা
পানি-কাদার মধ্যে প্যালাসাইটিং নির্মাণ
ভাঙ্গুড়ায় পানি ও কাদার মধ্যে ব্রিক প্যালাসাইটিং নির্মাণের দৃশ্য; ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও থেকে সংগৃহীত।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৫৭ লাখ টাকা ব্যয়ে একটি সড়ক সংস্কার প্রকল্পে পানি ও কাদার মধ্যে ব্রিক প্যালাসাইটিং নির্মাণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের একটি সড়কের কার্পেটিং ও ভাঙনরোধী কাজের জন্য ৫৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে উপজেলা প্রকৌশল অফিস। দরপত্রের মাধ্যমে কাজটি পান পাবনার ঠিকাদার সিহাব হোসেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর সম্প্রতি আবারও নির্মাণকাজ শুরু হয়। তবে অর্থবছর শেষ হওয়ার আগে দ্রুত বিল উত্তোলনের উদ্দেশ্যে নিম্নমানের ও দায়সারাভাবে কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) পানি ও কাঁদার মধ্যেই ব্রিক প্যালাসাইটিংয়ের কাজ করতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশের পুকুরের পানি পুরোপুরি অপসারণ না করেই মাটি দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। ফলে পুকুরের পানি প্যালাসাইটিংয়ের বেজে জমে থাকে। ওই অবস্থায় কংক্রিট ঢালাই ও ইট বসানোর কাজ চলতে থাকে। কাদামাটির কারণে অনেক ইট মাটির ভেতরে বসে যেতে দেখা যায়।

এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রকৌশল অফিসে অভিযোগ করেছেন বলেও জানা যায়।

অভিযোগের বিষয়ে ঠিকাদার সিহাব হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, “পানি ও কাদার মধ্যে প্যালাসাইটিং করার অভিযোগ অফিসে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”