সিরাজগঞ্জে অটোভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর বাসের চাপায় স্বামী-স্ত্রী ও অটোচালকের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মা ও ছেলেসহ চারজন। গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে আর নেত্রকোনায় মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন এক পর্যটক। সংশ্লিষ্ট এলাকা থেকে কালের কণ্ঠের প্রতিনিধিরা জানান :
সিরাজগঞ্জ : বেলকুচি উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রী ও অটোচালকের মৃত্যু হয়েছে। এ সময় নিহত দম্পতির মেয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচির মোতালেব সরকার (৪০), তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও অটোচালক নুরু মিয়া (৩৫)। আহত তামান্না খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, অটোভ্যানটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে চলে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার সকালে হওয়া পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। নিহতদের মধ্যে মা ও ছেলে রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলের বিয়াল্লিশহর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০), তাঁর শিশুপুত্র আশরাফুল (৫) এবং অটোরিকশাচালক মাহবুব (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও মেয়ে আদিবা (৪)। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামে।
অপরদিকে সরাইলে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা ওলি মিয়া (৫৫) মারা যান।
গোপালগঞ্জ : মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মাঝরাতে ঢাকা-বরিশাল মহাসড়কে রাগদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার কালাম (৩০)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেলসীমান্ত নামের যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে জোরে ধাক্কা লাগায়। এতে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
নেত্রকোনা : কলমাকান্দায় বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার রংছাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন আহমেদ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।


