• ই-পেপার

প্রয়োজনীয় পদক্ষেপ নিন

  • আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

অনিয়ম দূর করতে হবে

লোকসানে চলছে রেল

অনিয়ম দূর করতে হবে

রেলের টিকিট কাটতে গেলে বেশির ভাগ সময়ই পাওয়া যায় না। উৎসব-পার্বণ তো বটেই, সাধারণ সময়েও রেলের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু বছর শেষে রেল কর্তৃপক্ষ বড় অঙ্কের অর্থ লোকসানের হিসাব দেখায়। বছরের পর বছর ধরে এটিই চলে আসছে। অথচ তুলনামূলক নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে দেশের আপামর জনসাধারণের কাছে এখনো রেলই পছন্দের শীর্ষে। 

কালের কণ্ঠে গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশির ভাগ আন্ত নগর ও লোকাল মেইল ট্রেনের লোকসান গুনতে হচ্ছে। আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার অর্ধেকও অর্জিত হচ্ছে না। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের আরো ১১টি ট্রেন বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন আসে, লোকসান ঠেকাতে বেসরকারীকরণ যদি কার্যকর উপায় হয়, তাহলে সরকারি ব্যবস্থাপনায় কেন তা অর্জিত হচ্ছে না? পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮২৪ কোটি ৮৪ লাখ টাকা। সেখানে এপ্রিল পর্যন্ত আয় হয়েছে ৫৬৬ কোটি ৪৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় এক হাজার ১৫৯ কোটি ৯৬ লাখ টাকা। সেখানে আয় হয়েছে মাত্র ৬২১ কোটি ৩১ লাখ টাকা।

বলা হয়েছে, অনেক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করে। কিন্তু সেসব যাত্রীর কাছ থেকে আদায়কৃত অর্থ চলে যায় ট্রেনে দায়িত্বরত কর্মকর্তাদের পকেটে, এটা কেমন কথা? এ ধরনের অনিয়ম আরো আছে। এ ছাড়া শিডিউল বিপর্যয়, টিকিট কালোবাজারির অভিযোগ হরহামেশাই পাওয়া যায়। লোকাল বা মেইল ট্রেন যেমন-তেমন, অনেক আন্ত নগর ট্রেনেও যাত্রীসেবার মান অত্যন্ত হতাশাজনক। পূর্বাঞ্চল রেলওয়ের ৫১ শতাংশ লেভেলক্রসিংই অননুমোদিত। এসব স্থানে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

ব্রিটিশদের হাত ধরে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে রেলওয়ে ব্যবস্থা চালু হয়। প্রায় পৌনে ২০০ বছরের পথপরিক্রমায় ভারত ও পাকিস্তান রেলওয়ে বাণিজ্যিকভাবে সফল হলেও বাংলাদেশে উল্টো চিত্র। প্রতি ১০০ টাকা আয় করতে বাংলাদেশ রেলওয়ে ব্যয় করছে ২০০ টাকার বেশি। সেখানে ভারত ও পাকিস্তানের খরচ ১০০ টাকার কিছু কম। জানা গেছে, রেলওয়েকে লাভজনক করতে বেশির ভাগ দেশ মালপত্র পরিবহন থেকে আয়ের ওপর নির্ভর করে। কিন্তু আমাদের সেখানেও বিবিধ সংকট।

আমরা মনে করি, বাংলাদেশ রেলওয়েকে লোকসানের হাত থেকে রক্ষা করতে প্রাথমিক কাজ হলো অনিয়ম-অব্যবস্থাপনা দূর করা এবং সঠিক পরিচালন নীতি অনুসরণ করা। পাশাপাশি সেবার মান উন্নত এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করলে আমাদের রেলও অবশ্যই আলোর মুখ দেখবে।

বাস্তবায়নে আন্তরিকতা প্রয়োজন

বাজেট বিনিয়োগবান্ধব

বাস্তবায়নে আন্তরিকতা প্রয়োজন

দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থান না হওয়ায় বেকারত্বের পাশাপাশি নানা ধরনের সামাজিক ঝুঁকি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটকে অনেকেই আশার আলো হিসেবে দেখছেন। বাজেট মোটাদাগে বিনিয়োগবান্ধব। বিনিয়োগের খরা কাটাতে বাস্তবধর্মী নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কর সুবিধা বাড়ানোসহ শিল্প সুরক্ষায় পদক্ষেপ রয়েছে। আমলাতান্ত্রিক ও নিয়ন্ত্রণমূলক জটিলতা থেকে মুক্তি দিতে ব্যবসা শুরুর এবং পরিচালনায় সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই বাজেট কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে শঙ্কাও রয়েছে।

বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেই বলেছেন, আমাদের প্রধান লক্ষ্য হলো উৎপাদনশীল খাতের চাকা সচল রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা এমন একটি কর ও আইনি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা সৎ ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের নিরুৎসাহ করবে না, বরং দেশীয় শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক হতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো বা বিনিয়ন্ত্রণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, কোনো প্রয়োজনীয় আইন, বিধি বা তদারকি ব্যবস্থা বিলোপ করা নয়, বরং জনস্বার্থ, পরিবেশ ও বিনিয়োগকারীর অধিকার অক্ষুণ্ন রেখেই প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত করা হবে।

অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ব্যবসা করার জন্য নিবন্ধন, বিভিন্ন অনুমোদন, ছাড়পত্রসহ অন্যান্য সরকারি সেবার আবেদন সর্বোচ্চ এক সপ্তাহের (সাত দিন) মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা তাদের মতামত বা ছাড়পত্র না দেয়, তবে ডিজিটাল সিস্টেমে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্যও বাজেটে বেশ কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে। বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট সর্বোচ্চ সাত দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা ১০ দিনের মধ্যে দেওয়া হবে। যোগ্য বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর উদ্যোগ নেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের বৈধ মুনাফা ও মূলধন প্রত্যাবাসনের আবেদন নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা হচ্ছে।

ব্যবসায়ীমহলের পক্ষ থেকেও বাজেট প্রশংসিত হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেট সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। বিশেষ করে উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎস কর হ্রাস, পাঁচ বছরের করকাঠামো আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহন খাতে কর প্রণোদনা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তবে রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, বাজেট ঘাটতি পূরণে ঋণনির্ভরতা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার আশঙ্কা বিনিয়োগ পরিবেশের জন্য উদ্বেগের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, তৈরি পোশাক শিল্পের প্রধান দুটি প্রত্যাশা ছিল করব্যবস্থার সংস্কার এবং গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আমদানি সহজীকরণ। বাজেটে এই দুই ক্ষেত্রেই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঋণের উচ্চ সুদহারকে তিনি বিনিয়োগের বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

অর্থনীতিবিদদের মতে, বাজেটে বেসরকারি বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা, উচ্চ সুদহার, নীতিগত স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, ভূমিপ্রাপ্তি, বন্দর দক্ষতা এবং ব্যবসা পরিচালনার প্রশাসনিক জটিলতাসবকিছু কতটা দক্ষভাবে মোকাবেলা করা যাচ্ছে, তার ওপর নির্ভর করবে বেসরকারি খাতের অগ্রগতি। আমরা আশা করি, সরকারের আন্তরিকতা বেসরকারি খাতকে এগিয়ে নিতে সক্ষম হবে।

বাস্তবায়ন নিয়ে সংশয়

প্রস্তাবিত বাজেট

বাস্তবায়ন নিয়ে সংশয়

প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বরাবরের মতোই বিরোধী রাজনৈতিক দলগুলো বাজেটের তীব্র সমালোচনা করছে। সরকারি দল বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে বলেছে, এই বাজেট বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে। অর্থনীতিবিদ ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাজেটের লক্ষ্যপূরণ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রায়ণ। তাঁর ভাষায়, দীর্ঘদিন ধরে অর্থনীতির মূল সুবিধাগুলো সীমিত কিছু ব্যক্তি, গোষ্ঠী কিংবা  প্রভাবশালী মহলের মধ্যে কেন্দ্রীভূত ছিল। ফলে সমাজের বড় একটি অংশ অর্থনৈতিক সিদ্ধান্ত ও উন্নয়নের মূলধারার বাইরে থেকে গেছে। বর্তমান সরকার সেই বাস্তবতা পরিবর্তন করতে চায়। তিনি বলেন, আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। অর্থমন্ত্রী বলেন, দেড় দশকের বেশি সংগ্রামের পর সবার একটি নির্বাচিত সরকার পেয়েছি। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক। সেসবের প্রতিফলন ঘটাতে আমরা চেষ্টা করেছি সবার সঙ্গে কথা বলতে ও মতামত নিতে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানিকে (বাপেক্স) আরো সক্রিয় করা হচ্ছে। তিনি বলেন, বাপেক্সের সফলতার ইতিহাস থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে প্রায় নিষ্ক্রিয় করে ফেলা হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর জ্বালানি খাতের পরিস্থিতি পর্যালোচনা করে বাপেক্সকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে আরো পাঁচটি রিগ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির মতে, বাজেটের দর্শন ও নীতিগত উদ্দেশ্য ইতিবাচক হলেও এর অধিকাংশ লক্ষ্য এমন একটি অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজেট প্রাক্কলনের ভিত্তিটাই ঠিক না। বাজেটে প্রবৃদ্ধি, সম্পদ আহরণ, বেসরকারি বিনিয়োগ, ঋণপ্রবাহ, রপ্তানি ও আমদানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার ভিত্তি হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের এমন একটি চিত্র ধরা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাজেটে শিল্পায়ন, আমদানি প্রতিস্থাপক শিল্প সুরক্ষা, রপ্তানিমুখী শিল্পে প্রণোদনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে উৎসাহ দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, শুধু কর-শুল্ক সুবিধা দিলেই বিনিয়োগ বাড়বে না। গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো, আইন-শৃঙ্খলা ও কার্যকর সেবা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না।

অন্যদিকে বেসরকারি বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৪.৭৫ শতাংশ থাকলেও আগামী অর্থবছরে তা ৯.৪ শতাংশ হবে বলে বাজেটে ধরা হয়েছে। তাঁর মতে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

সামষ্টিক অর্থনীতির সব সূচকই চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হলেও রাষ্ট্র ও জনগণের কল্যাণে তা করতে হবে। আমরা আশা করি, বাজেট বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে।

সিদ্ধান্তটি যেন ‘আইওয়াশ’ না হয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সিদ্ধান্তটি যেন ‘আইওয়াশ’ না হয়

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে বেসরকারি স্বাস্থ্য খাতে অনিয়ম-অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখা যায়। অতীতে দেখা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থার কারণে রোগীর মৃত্যু হলেও শাস্তি প্রদানের নজির তেমন নেই। এই দিক থেকে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত এক ধরনের দৃষ্টান্ত। আশা করা যায়, আগামী দিনে অন্য হাসপাতাল কর্তৃপক্ষ এ থেকে শিক্ষা নেবে।

কালের কণ্ঠের খবরে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, ‘শোকজ নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়। তাই মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস রেগুলেশন অর্ডিন্যান্স ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।’ তবে ওই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার আইনি সুযোগ রয়েছে বলেও জানান তিনি। এর আগে গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলও হাসপাতাল কর্তৃপক্ষের নোটিশের জবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা ক্ষমার অযোগ্য। কয়েক ঘণ্টার ব্যবধানে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মৃত্যু হয়, যা জনমনে গভীর শোক ও ক্ষোভের জন্ম দেয়। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারাত্মক অব্যবস্থাপনা ও অবহেলা ছিল। অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ। দেখা যাচ্ছে, যেখানে নবজাতকের জন্য বিশেষ ব্যবস্থা থাকার কথা ছিল সেখানেই অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হলো।

স্বল্প খরচে চিকিৎসার জন্য আদ্-দ্বীন হাসপাতালের এক ধরনের সুনাম ছিল। এমনকিগরিবের হাসপাতাল’ বলেও তকমা দেওয়া হয়েছে। এই বিবেচনায় একটি মহল হাসপাতালটির লাইসেন্স বাতিলের বিরোধিতা করছে। তবে হাসপাতালের মতো সংবেদনশীল বিষয় নিয়ে পক্ষপাতিত্বের সুযোগ নেই। এমনকি গরিবের হাসপাতাল হলেও তারা কোনো অনিয়মের লাইসেন্স পেতে পারে না।

আমরা মনে করি, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই শেষ কথা নয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে হয় সেটিও দেখার বিষয়। হাসপাতালে যেসব রোগী চিকিৎসাধীন রয়েছে তাদের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হওয়া দরকার। এ ছাড়া লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি যেন শুধুইআইওয়াশবা সাময়িক ক্ষোভ প্রশমনের উপায় না হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতে একটি বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো জরুরি।