• ই-পেপার

চীনের এআই উত্থানে চাপে যুক্তরাষ্ট্র

  • যুক্তরাষ্ট্রের এআই রপ্তানির দুটি কৌশল বড় সমস্যার মুখে পড়েছে

করাচি সেনা ক্যাম্পে হামলা, হতাহত ১০

কালের কণ্ঠ ডেস্ক
করাচি সেনা ক্যাম্পে হামলা, হতাহত ১০

পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তিন সেনাসহ মোট ১০ জন হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছে। গতকাল রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র : জিও নিউজ

 

 

সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

কালের কণ্ঠ ডেস্ক
সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

টানা দেড় বছরের তীব্র সরকারবিরোধী আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার শক্তিশালী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিক। রাজধানী বেলগ্রেডে এক বিশাল জনসমাবেশে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ইস্তফা দেবেন। একই সঙ্গে দেশটিতে আগাম প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ বছর ধরে সার্বিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ভুচিকের এই আকস্মিক ঘোষণা ইউরোপীয় রাজনীতির মঞ্চে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। সূত্র : সিএনএন

 

সৌদিতে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১৪

কালের কণ্ঠ ডেস্ক
সৌদিতে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১৪

সৌদি আরবে রাষ্ট্রীয় তেল কম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরায় দুর্ঘটনা ঘটে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের সবাই নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। তবে নিহতদের পরিচয় বা দুর্ঘটনার সময় তাঁরা কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। সূত্র : আল জাজিরা

 

 

জোড়া ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান

কালের কণ্ঠ ডেস্ক
জোড়া ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান

আফগানিস্তান ও পাকিস্তানে ৬.১ ও ৫.৪ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে। গত শনিবার রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে। এর গভীরতা ছিল ২০৮.৩ কিলোমিটার। বালখ, বাদাখশান, নানগারহার ও খোস্তসহ বিভিন্ন প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। বাদাখশান ও বালখের সীমান্ত তাজিকিস্তান ও পাকিস্তানের সঙ্গে সংযুক্ত। তবে তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানের মুসাখাইল জেলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। গত এপ্রিলে বাদাখশান প্রদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্পে ১২ জন নিহত হন।

এর আগে ২০২৫ সালের আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার অগভীর ভূমিকম্পে পাহাড়ি ঢালের কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে যায় এবং দুই হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। কয়েক সপ্তাহ পর উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত হন। এ ছাড়া ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং ২০২২ সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষ নিহত হন এবং হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়। সূত্র : আল জাজিরা