• ই-পেপার

স্বপ্নের জয় : ইতিহাসের সেরা দিন দেখল কানাডার ফুটবল

আজ রাতে ব্রাজিল-জাপান ম্যাচ, টিভি-মোবাইলে কখন কিভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক
আজ রাতে ব্রাজিল-জাপান ম্যাচ, টিভি-মোবাইলে কখন কিভাবে দেখবেন
ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় ব্রাজিলের ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না।

আজ সোমবার (২৯ জুন) রাত ৪টায় শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-জাপানের খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।  

জাপানের বিপক্ষে আজ খেলবেন নেইমার?

ক্রীড়া ডেস্ক
জাপানের বিপক্ষে আজ খেলবেন নেইমার?
ছবি : রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার এই বাঁচা-মরার লড়াইয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে রাজি নন সেলেসাওদের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। আর তাই এই মুহূর্তে ফুটবলবিশ্বের সবচেয়ে বড় কৌতূহল, জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে ফিরছেন নেইমার জুনিয়র? তবে ব্রাজিলিয়ান শিবির থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, উত্তরটা আপাতত সমর্থকদের জন্য ‘নেতিবাচক’।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে প্রথম একাদশের আট ফুটবলারকে পুরোদমে বিশ্রাম দিয়ে জিমে রিকভারি সেশনে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ানের মতো তারকাদের মাঠে কঠোর অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্প ছাড়ার আগে শেষ প্রস্তুতি সেশনে অবশ্য পুরো দলই একসঙ্গে অংশ নেয়। এরপরই জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর হাইভোল্টেজ ম্যাচের ভেন্যু হিউস্টনে উড়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমার কি ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি? ব্রাজিলের ফিটনেস ট্রেইনাররা কোচিং স্টাফকে যে রিপোর্ট দিয়েছেন, তা খুব একটা স্বস্তির নয়। বিশেষ করে নকআউট পর্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও ফিরে পাননি এই পোড়খাওয়া তারকা। ফলে জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চান না আনচেলত্তি। আপাতত পরিকল্পনা হলো, ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয়ার্ধে ট্রাম্পকার্ড বা সুপার-সাব হিসেবে মাঠে নামানো হতে পারে নেইমারকে।

এদিকে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেইমারকে কেন্দ্র করে একটি ছোটখাটো বিতর্কও দানা বেঁধেছিল। স্কটল্যান্ড ম্যাচে এই ফরোয়ার্ডকে মাঠে নামানোর ঠিক আগ মুহূর্তে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে ডেভিডের মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই চাউর করে দেন, নেইমারকে নামানোর সিদ্ধান্তে খুশি ছিলেন না প্রধান কোচের এই সহকারী ও পুত্র। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের তোপের মুখেও পড়েন তিনি।

তবে পরিস্থিতি জলঘোলা হওয়ার আগেই ড্যামেজ কন্ট্রোলে নামেন ডেভিড আনচেলত্তি। এক ব্যাখ্যায় তিনি জানান, ওই সময় তিনি আরেক সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে মাঠের সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল নিয়ে কথা বলছিলেন। নেইমারকে বদলি হিসেবে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার সেই অঙ্গভঙ্গির দূর-দূরান্তের কোনো সম্পর্ক ছিল না।

নেইমারের অফ-ফর্ম ও ফিটনেস ঘাটতির দিনে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা করে নেওয়ার লড়াইটাও জমে উঠেছে বেশ। বাঁ প্রান্তে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জায়গা প্রায় পাকা। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও প্রথম একাদশে ঢুকতে মরিয়া। এর ওপর চোট কাটিয়ে উইঙ্গার রাফিনহার ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।

লিভারপুলের ১০০ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজির দিকে ‘বিস্ময়বালক’

ক্রীড়া ডেস্ক
লিভারপুলের ১০০ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজির দিকে ‘বিস্ময়বালক’
ছবি : রয়টার্স

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল বাজারে এবার বড়সড় এক বোমা ফাটালেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী সেনসেশন ইয়ান দিওমান্দে। চলতি গ্রীষ্মকালীন দলবদলে আরবি লাইপজিগ ছাড়লে তার পরবর্তী গন্তব্য যে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তা প্রায় নিশ্চিত করেই জানিয়ে দিলেন তিনি।

ফরাসি জায়ান্টদের ভবিষ্যৎ প্রজেক্ট এবং কোচ লুইস এনরিকের কোচিং দর্শনে মুগ্ধ হয়েই পার্ক দেস প্রিন্সেসে পাড়ি জমাতে চান এই উইঙ্গার।

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের দীর্ঘমেয়াদী পরিকল্পনাই দিওমান্দেকে আকৃষ্ট করেছে। এই ফরাসি ক্লাবে যোগ দিলে নিয়মিত বড় বড় ট্রফি জেতার পাশাপাশি ভবিষ্যতে নিজের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ করা সহজ হবে বলেই মনে করছেন এই ফুটবলার।

অথচ এই তরুণ প্রতিভাকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরোর (প্রায় ৮৬.৮ মিলিয়ন পাউন্ড) বিশাল এক প্রস্তাব নিয়ে তৈরি ছিল ইংলিশ জায়ান্ট লিভারপুলও। তবে জার্মান ক্লাব লাইপজিগ সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। গত গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে লাইপজিগে যোগ দেওয়া দিওমান্দেকে সহজে ছাড়তে নারাজ তারা।

২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা এই ফরোয়ার্ডের জন্য অন্তত ১৩০ মিলিয়ন ইউরো দাবি করছে ক্লাবটি, পাশাপাশি তাকে নতুন চুক্তিতে বেঁধে রাখার চেষ্টাও চালাচ্ছে তারা।

বর্তমানে দেশের হয়ে বিশ্বকাপে মাঠ মাতাচ্ছেন দিওমান্দে। আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে তার দল আইভরি কোস্ট, যেখানে মূল একাদশে দেখা যেতে পারে এই তরুণ উইঙ্গারকে।

মাঠের দুই প্রান্তেই সমান তালে ঝড় তুলতে পারা এই উইঙ্গার গেল মৌসুমে লাইপজিগের হয়ে ছিলেন দুর্দান্ত ফর্মে। বুন্দেসলিগায় মাত্র একটি ম্যাচ মিস করা দিওমান্দে ৩৩ ম্যাচে করেছেন ১২টি গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি গোল। তার এই অতিমানবীয় পারফর্ম্যান্সের ওপর ভর করেই লিগে তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটে লাইপজিগ। 

ব্রাজিল-জাপান ম্যাচের ফল জানাল সুপার কম্পিউটার

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-জাপান ম্যাচের ফল জানাল সুপার কম্পিউটার
ছবি রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে এবার নকআউটের হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার ‘পাওয়ারহাউজ’ জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে শেষ ষোলোয় ওঠার এই লড়াইয়ে যে দলই জিতবে, তারা মুখোমুখি হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের।

কাগজে-কলমে এবং মাঠের সাম্প্রতিক পরিসংখ্যানে ম্যাচের আগে পরিষ্কার ব্যবধানে এগিয়ে সাম্বার দেশ ব্রাজিল। ফুটবলভিত্তিক ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘অপটা সুপার কম্পিউটার’-এর ২৫ হাজার সিমুলেশনের ফলও বলছে সে কথাই। নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা যেখানে ৫৭.৩ শতাংশ, সেখানে জাপানের জয় পাওয়ার সম্ভাবনা মাত্র ১৯.৭ শতাংশ। বাকি ২৩ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচ অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে গড়ানোর।

টুর্নামেন্টের শুরুটা কিছুটা খাপছাড়া হলেও ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে তারা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের। হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা।

প্রথম ম্যাচে গোল খাওয়ার পর থেকে টানা সাত গোল করেছে ব্রাজিল, বিপরীতে হজম করেনি একটিও। ২০০২ সালের পর বিশ্বকাপের মঞ্চে গোল করার এমন ধারাবাহিকতা এবারই প্রথম দেখাল লাতিন আমেরিকার পরাশক্তিরা।

এদিকে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও কথা বলছে ব্রাজিলের পক্ষে। এখন পর্যন্ত ১৪ বারের দেখায় ১১ বারই শেষ হাসি হেসেছে ব্রাজিল, ড্র হয়েছে দুটি ম্যাচ। জাপানের জয় মাত্র একটিতে। তবে সামুরাই ব্লুজদের সেই একমাত্র জয়টি এসেছিল দল দুটির সর্বশেষ দেখায়, যা ব্রাজিলের জন্য বড় এক সতর্কবার্তা।

গত অক্টোবরে টোকিওতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচটি হেরে বসে ব্রাজিল। জাপানের হয়ে সেই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন আয়াসে উয়েদা। তবে বিশ্বকাপের মঞ্চে দুই দলের একমাত্র সাক্ষাতে ২০০৬ সালে ৪-১ ব্যবধানের দাপুটে জয় পেয়েছিল ব্রাজিলই।