জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে আইভরি কোস্ট। তবে ইকুয়েডরের বিপক্ষে জয়ের সুখস্মৃতি উপভোগ করার মাঝেই দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। দলের স্ট্রাইকার এলি ওয়াহিকে জার্মানির বিপক্ষে পাচ্ছে না তারা। ম্যাচে তার একটি শট বারে না লাগলে গোলও পেতেন ওয়াহি।
ওয়াহিকে না পাওয়ার কারণ কোনো চোট নয়, তাকে কানাডায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটির সরকার। অগত্যা ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে রেখেই ম্যাচের ভেন্যুর শহর টরেন্টোয় পৌঁছেছে কানাডা দল। আগামী ২১ জুন ম্যাচটি হবে।
কি কারণে ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার পুরনো ঘটনা নতুন করে সামনে এসেছে। বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার হয়েছিলেন ওয়াহি। লিগ আঁ’তে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন নিসের ফরোয়ার্ড। সেই ঘটনাটি এবার সামনে এসেছে। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ বিষয়টি সামনে এনেছে।
দ্য অ্যাথলেটিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ গড়াপেটার অভিযোগে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে গ্রেপ্তার হয়েছিলেন ওয়াহি। গত ১৮ মে মেটজের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে ট্যাকল করে হলুদ কার্ড দেখেছিলেন নিসের ফরোয়ার্ড। পরে রেলিগেশন ম্যাচে কার্ডের নিষেধাজ্ঞার কারণে সাঁ এতিয়েনের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাতে সন্দেহ হয় ম্যাচ ফিক্সিং, আর্থিক লেনদেন জড়িত আছেন তিনি।
সেই অভিযোগে ওয়াহিকে ২৯ মে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান। অন্যথা, বিশ্বকাপে অংশ নিতে পারতে না তিনি। ছাড়া পেলেও তার বিরুদ্ধে তদন্ত করছে ফ্রান্স পুলিশ।
তবে যুক্তরাষ্ট্রে পারলেও এবার কানাডায় বিশ্বকাপের ম্যাচ খেলতে পারছেন না ওয়াহি। কানাডায় ঢুকতে না পারা বিশ্বকাপের দ্বিতীয় খেলোয়াড় তিনি। তার আগে নিষেধাজ্ঞা পেয়েছেন ঘানার মিডফিল্ডার থমাস পার্টি। আর্সেনালের সাবেক খেলোয়াড়কে প্রবেশের অনুমতি দেয়নি কানাডার সরকার। তার বিরুদ্ধে ৪ জন নারী সবমিলিয়ে ৭টি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ করেছেন।




