দীর্ঘ ৩০ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের ঐতিহাসিক প্রত্যাবর্তনে বোস্টন শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে টার্টান আর্মি। প্রায় ৪০ থেকে ৫০ হাজার স্কটিশ সমর্থক ম্যাসাচুসেটসে এসে জড়ো হয়েছেন। ঐতিহ্যবাহী পোশাক ও বাঁশি বাজিয়ে পুরো বোস্টন মাতিয়ে রেখেছেন তারা।
প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলে ঐতিহাসিক জয়ে স্কটিশ সমর্থক বোস্টনের ঐতিহ্যবাহী বেসবল স্টেডিয়াম ফেনওয়ে পার্ক অভিমুখে বিশাল বিজয় র্যালি করেন। সেখানে তারা তাদের জাতীয় সংগীত ‘ফ্লাওয়ার অব স্কটল্যান্ড’ গাইতে থাকেন। সেই সঙ্গে বারগুলোতে সমর্থকদের উপচে পড়া ভিড়ে অতিরিক্ত বিয়ার পানে স্টক শেষ করে ফেলেন সমর্থকরা।
স্কটিশদের এই শান্তিপূর্ণ এবং আনন্দঘন উদযাপন বোস্টনের স্থানীয় বাসিন্দাদের দারুণভাবে মুগ্ধ করেছে। শহরের অর্থনীতিতে বড় অবদান রাখার পাশাপাশি তাদের ইতিবাচক ও বন্ধুসুলভ আচরণ বোস্টনবাসীর মন জয় করে নিয়েছেন তারা।
এতে বোস্টনের নর্থ এন্ডের ৫৪ বছর বয়সী বাসিন্দা কারা ডি বেনেদেত্তো বলেন, আরে, ওরা তো অসাধারণ। ওদেরকে শহরটা উপভোগ করতে দেখে আমার খুব ভালো লেগেছে’।
এটা বোস্টনের প্রতি আমাদের ভালোবাসাটা যেন নতুন করে জাগিয়ে তুলেছে বলে যোগ করেন তিনি।
আগামী শুক্রবার মরক্কোর বিপক্ষে স্কটল্যান্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্কটিশরা। সেইদিনই সমর্থকদের উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে।




