• ই-পেপার

২০২৭ সালের মধ্যে ফোল্ডেবলসহ ৫টি নতুন আইফোন আনতে চায় অ্যাপল

এআইচালিত ড্রোন নির্মাতা কোয়ান্টাম সিস্টেমস পেল ১২০ কোটি ডলার

অনলাইন ডেস্ক
এআইচালিত ড্রোন নির্মাতা কোয়ান্টাম সিস্টেমস পেল ১২০ কোটি ডলার
প্রতীকী ছবি

জার্মানির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্টাম সিস্টেমস নতুন করে ১২০ কোটি ডলার (১.২ বিলিয়ন) যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪,৭৯৪ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। এই অর্থ দিয়ে কম্পানিটি এআইভিত্তিক স্বয়ংক্রিয় ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদন এবং গবেষণা আরো বাড়ানোর পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সিএনবিসির বরাতে এক প্রতিবেদনে কম্পানিটি এ তথ্য জানায়।

 নতুন এই বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ডলার (৮ বিলিয়ন) যা বাংলাদেশি প্রায় ৯৮,৬২৪ কোটি টাকা হয়েছে।

কোয়ান্টাম সিস্টেমস এমন ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নির্দিষ্ট কাজ করতে পারে। এসব ড্রোন স্থল, আকাশ ও সমুদ্রে নজরদারি, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হয়।

কম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-প্রধান নির্বাহী ফ্লোরিয়ান সাইবেল বলেন, ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা হবে স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর। বিভিন্ন ধরনের ড্রোন ও সামরিক ব্যবস্থা একসঙ্গে কাজ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। সেই লক্ষ্যেই তারা নতুন প্রযুক্তি তৈরি করছেন।

কোম্পানিটি জানায়, নতুন পাওয়া অর্থ দিয়ে উৎপাদন ক্ষমতা বাড়ানো, সরবরাহব্যবস্থা আরো শক্তিশালী করা, মিত্র দেশগুলোতে কার্যক্রম সম্প্রসারণ এবং সফটওয়্যার ও এআই প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করা হবে।

বর্তমানে বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তি খাতে বিনিয়োগ দ্রুত বাড়ছে। বিশেষ করে এআইচালিত ড্রোন, স্বয়ংক্রিয় অস্ত্র ও সামরিক সফটওয়্যার তৈরিতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান ডিলরুম জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত এই খাতে ১৭৪০ কোটি ডলার যা বাংলাদেশি প্রায় ২,১৪,৫০৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। গত বছর এ খাতে মোট বিনিয়োগ ছিল ১১২০ কোটি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৩৮,০৭৩ কোটি টাকা। 

কোয়ান্টাম সিস্টেমসের প্রযুক্তি ইতিমধ্যে ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে। কম্পানিটির দাবি, ২০২৫ সালে তাদের ড্রোন ব্যবহার করে সেখানে ১৯ হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রোমানিয়া ও বাল্টিক অঞ্চলে কম্পানিটির উৎপাদন ও কার্যক্রম রয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আরো দ্রুত সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রত্যাশার চেয়ে বেশি গাড়ি সরবরাহ করেও টেসলার শেয়ারদর ৬% কমেছে

অনলাইন ডেস্ক
প্রত্যাশার চেয়ে বেশি গাড়ি সরবরাহ করেও টেসলার শেয়ারদর ৬% কমেছে
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি গাড়ি সরবরাহ করেছে। তবে ভালো এই ফলাফলের পরও কম্পানিটির শেয়ারদর প্রায় ৬ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সিএনবিসির এল প্রতিবেদনে প্রকাশিত তথ্যে টেসলা জানায়, এপ্রিল থেকে জুন—এই তিন মাসে তারা বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি গ্রাহকদের কাছে সরবরাহ করেছে। একই সময়ে উৎপাদন করেছে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি গাড়ি।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, এ সময়ে টেসলার গাড়ি সরবরাহের সংখ্যা হবে প্রায় ৪ লাখ ৬ হাজার। কিন্তু বাস্তবে কম্পানিটি সেই পূর্বাভাস ছাড়িয়ে গেছে।

টেসলার দেওয়া তথ্য অনুযায়ী, সরবরাহ করা মোট গাড়ির প্রায় ৯৭ শতাংশই ছিল তাদের সবচেয়ে জনপ্রিয় দুটি মডেল—মডেল ৩ ও মডেল ওয়াই।

গত বছরের একই সময়ের তুলনায় টেসলার গাড়ি সরবরাহ ২৫ শতাংশ বেড়েছে। আর চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় বেড়েছে ৩৪ শতাংশ।

ভালো সরবরাহের তথ্য প্রকাশের পরও বৃহস্পতিবার শেয়ারবাজারে টেসলার শেয়ারদর প্রায় ৬ শতাংশ কমে যায়। কেন এমন হয়েছে, সে বিষয়ে কম্পানির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিশ্লেষকদের মতে, ভবিষ্যৎ বিক্রি, প্রতিযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ এর একটি কারণ হতে পারে।

বর্তমানে টেসলাকে চীনের বিওয়াইডি (BYD), নিও (Nio) ও শাওমি (Xiaomi)-এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কঠিন প্রতিযোগিতা করতে হচ্ছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাই এবং ইউরোপের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে।

বিক্রি বাড়াতে টেসলা ইতোমধ্যে মডেল ৩ ও মডেল ওয়াই-এর কম দামের সংস্করণ বাজারে এনেছে। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে তাদের ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড) প্রযুক্তিও চালু করেছে।

এদিকে কম্পানিটি ভবিষ্যতের জন্য নতুন কয়েকটি প্রকল্প নিয়েও কাজ করছে। এর মধ্যে রয়েছে চালকবিহীন সাইবারক্যাব, বৈদ্যুতিক সেমি ট্রাক এবং অপটিমাস নামে মানবসদৃশ রোবটের উৎপাদন।

উল্লেখ্য, টেসলা আগামী ২২ জুলাই চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। তখন কম্পানির আয়, মুনাফা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।

এআই ডিভাইসের জন্য নিজস্ব চিপ তৈরি করছে অ্যামাজন

অনলাইন ডেস্ক
এআই ডিভাইসের জন্য নিজস্ব চিপ তৈরি করছে অ্যামাজন
সংগৃহীত ছবি

প্রযুক্তিপণ্য আরো উন্নত করতে নিজস্ব এআই চিপ তৈরি করছে অ্যামাজন। কম্পানিটি তাদের ইকো, ফায়ার টিভি এবং ভবিষ্যতের বিভিন্ন ডিভাইসে এসব চিপ ব্যবহার করবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামাজনের ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগের প্রধান প্যানোস পানাই এ তথ্য জানান।

তিনি বলেন, অ্যামাজন ইতিমধ্যে নিজেদের কিছু ডিভাইসের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত (এন্ড-টু-এন্ড) নিজস্ব সিলিকন বা চিপ তৈরি করছে। ইকো শো ৮, ইকো শো ১১ এবং ফায়ার টিভি-তে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

প্যানোস পানাই জানান, নিজস্ব চিপ ব্যবহারের ফলে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় আরো ভালো হবে। পাশাপাশি ডিভাইসেই দ্রুত ও নিরাপদভাবে এআই সুবিধা চালানো সম্ভব হবে।

গত বছরের অক্টোবরে অ্যামাজন এ জেড ৩ (AZ3) ও  এ জেড ৩  প্রো (AZ3 Pro) নামে দুটি চিপ উন্মোচন করে। এসব চিপ ক্লাউডের বদলে সরাসরি ডিভাইসেই এআই মডেল চালানোর জন্য তৈরি করা হয়েছে। এতে এআই আরো দ্রুত কাজ করবে এবং ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তাও বাড়বে।

পানাই আরো বলেন, ভবিষ্যতে এআই ব্যবহারে অ্যাপ ও স্ক্রিনের ওপর নির্ভরতা কমে আসতে পারে। তখন কথোপকথন ও ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করতে পারবে এআই।

অ্যামাজন এমন নতুন এআই ডিভাইস নিয়েও কাজ করছে, যেগুলো ব্যবহারকারীরা সব সময় সঙ্গে রাখতে পারবেন। এসব ডিভাইস ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে, তথ্য সংগ্রহ করতে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজে সহায়তা করবে।

নতুন এসব পণ্য খুব শিগগিরই বাজারে আনা হবে বলে জানিয়েছেন অ্যামাজনের ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগের প্রধান প্যানোস পানাই।

উল্লেখ্য, বর্তমানে অ্যামাজনের অ্যালেক্সা+ সেবা চ্যাটজিপিটি ও গুগল জেমিনির সঙ্গে প্রতিযোগিতা করছে। তাই ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দিতে নতুন এআই প্রযুক্তি ও ডিভাইস তৈরি করছে অ্যামাজন।

মানুষের মতো শেয়ার লেনদেন করতে পারবে এআই এজেন্ট

অনলাইন ডেস্ক
মানুষের মতো শেয়ার লেনদেন করতে পারবে এআই এজেন্ট
ছবিঃ রয়টার্স

খুব শিগগির এআই এজেন্ট মানুষের মতো দক্ষভাবে শেয়ারবাজারে লেনদেন করতে পারবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম রবিনহুডের প্রধান নির্বাহী (সিইও) ভ্লাদ তেনেভ।

বৃহস্পতিবার (২ জুলাই) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে একজন মানুষ শেয়ারবাজারে যা করতে পারবেন, প্রায় সবই এআই এজেন্ট করতে সক্ষম হবে।

এআই এজেন্ট হলো এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।

ভ্লাদ তেনেভ বলেন, বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরেই স্বয়ংক্রিয় ও এআইনির্ভর ট্রেডিং ব্যবহার করছে। তবে সাধারণ মানুষের জন্য এমন প্রযুক্তি এতদিন সহজলভ্য ছিল না।

রবিনহুডের লক্ষ্য হলো সাধারণ বিনিয়োগকারীদেরও বড় আর্থিক প্রতিষ্ঠানের মতো একই ধরনের এআইভিত্তিক ট্রেডিং সুবিধা দেওয়া।

গত মে মাসে রবিনহুড এমন কিছু নতুন টুল চালু করে, যার মাধ্যমে এআই এজেন্ট ব্যবহারকারীর হয়ে শেয়ার কেনাবেচা এবং বিভিন্ন পণ্য কেনাকাটাও করতে পারে।

এদিকে, বুধবার রবিনহুড যুক্তরাজ্যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন সেবা চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ইউরোপে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো বিস্তৃত হচ্ছে।

বর্তমানে রবিনহুড ৩৮টি দেশে প্রায় ২ কোটি ৮০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে বলে কোম্পানিটি জানিয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি আরো দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করেছে। তবে সিইও ভ্লাদ তেনেভের দাবি, রবিনহুডের ব্যবসা আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে।