সম্প্রতি এক উইভার্স লাইভস্ট্রিমে ভক্তদের আচরণে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন বিটিএস তারকা জাংকুক। লাইভে ভক্তরা তাকে বারবার ঘুমাতে যাওয়ার অনুরোধ জানালে তিনি সরাসরি তার ব্যক্তিগত পরিসর ও স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। জাংকুক স্পষ্ট করে বলেন, কখন ঘুমাতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নিজের রয়েছে।
স্পেনের মাদ্রিদে বিটিএস-এর কনসার্ট শেষ হওয়ার পর জাংকুক ভক্তদের সাথে আড্ডা দিতে উইভার্স প্ল্যাটফর্মে লাইভে আসেন। সেখানে তিনি বিয়ার পান করছিলেন এবং টিকটক ভিডিও দেখছিলেন। কিন্তু লাইভের কমেন্ট সেকশনে অনেক দর্শক তাকে বারবার লাইভ শেষ করে বিশ্রাম নেওয়ার বা ঘুমাতে যাওয়ার অনুরোধ করতে থাকেন। ভক্তদের এই মন্তব্যে বিরক্ত হয়ে জাংকুক সরাসরি বলেন, ‘আমি দুঃখিত, কিন্তু দয়া করে আমাকে ঘুমাতে যেতে বলবেন না। আমার যখন ইচ্ছা হবে, আমি তখনই ঘুমাবো।’ তিনি আরো যোগ করেন, ‘আপনাদের উদ্বেগের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু ‘তাড়াতাড়ি শুতে যাও’—এরকম কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি বাচ্চা নই, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি।’ ভক্তদের আশ্বস্ত করে এই গায়ক জানান, তিনি দীর্ঘদিন ধরে অনিদ্রা সমস্যায় ভুগছেন এবং ঘুমানোর জন্য প্রায়ই তাকে ওষুধের ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, ‘আমার ঘুম পাচ্ছে না। আমি বরাবরই এমন। আমি জেগে আছি কারণ আমি নিজেই জেগে থাকতে চাই।’
জাংকুকের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিটিএস-এর ভক্ত অনুরাগী বা ‘আর্মি’দের একটি বড় অংশ জাংকুকের এই স্পষ্টভাষী অবস্থানকে সমর্থন করেছেন। তারা বলছেন, ভালোবাসা বা উদ্বেগ প্রকাশ করা ভালো, তবে তা যেন কোনো শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতা বা পছন্দকে নিয়ন্ত্রণ করার পর্যায়ে না চলে যায়।
বর্তমানে বিটিএস তাদের চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছে। এরই অংশ হিসেবে মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে তাদের সোল্ড-আউট শো শেষ হয়েছে। এরপর ব্যান্ডের পরবর্তী কনসার্ট রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে, যেখানে আগামী ১ ও ২ জুলাই কিং বোডুইন স্টেডিয়ামে পারফর্ম করবেন তারা।




/6a4235c548b2c.jpg)




