• ই-পেপার

কোক স্টুডিওর নতুন গান নিয়ে সমালোচনার ঝড়

পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

বিনোদন প্রতিবেদক
পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা
সংগৃহীত ছবি

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে, কে সেই ব্যক্তি, যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি? এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, নীহার প্রেমিক নাকি পাকিস্তানের নাগরিক।

সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেইজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এর পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। কয়েক মাস আগে বিয়ের গুঞ্জনের পর এবার তার সম্পর্কের খবর নতুন করে আলোচনায় এসেছে।

May be an image of smiling

বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, নীহার প্রেমিক পাকিস্তানের একজন নাগরিক। আরো বলা হচ্ছে, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত গড়িয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে নীহার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এ বিষয়ে নীহার কাছে জানতে চাওয়া হলে তিনি গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করেননি। 

আপনার প্রেমিক পাকিস্তানের নাগরিক বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, এ বিষয়ে কী বলবেন?—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী শুধু বলেন, ‘এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেইজড।’

NIhaa

নিজের সম্পর্ক নিয়ে আপাতত এর বেশি কিছু জানাতে রাজি নন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দেখুন, এই এনগেইজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেইজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেইজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে একটি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ে নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। পরে অবশ্য বিষয়টিকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসে। এবার সম্পর্কের বিষয়টি নিজেই প্রকাশ করলেও হবু জীবনসঙ্গীর পরিচয় আপাতত গোপনই রাখছেন এই অভিনেত্রী।

নস্টালজিয়া উসকে দিল ‘আওয়ারাপান ২’-এর টিজার

বিনোদন ডেস্ক
নস্টালজিয়া উসকে দিল ‘আওয়ারাপান ২’-এর টিজার
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৯ বছর পর ফিরছে বলিউডের কাল্ট ক্লাসিক ‘আওয়ারাপান’-এর সিক্যুয়াল। অবশেষে প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপান ২’-এর টিজার। আর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে ইমরান হাশমি। ‘শিবম পণ্ডিত’ চরিত্রে তাঁর প্রত্যাবর্তন ইতিমধ্যেই উচ্ছ্বসিত করে তুলেছে ভক্তদের।

১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজারে আবারও দেখা মিলেছে বৃষ্টিভেজা, অন্ধকার আর বিষণ্ন এক জগতের। মোটরসাইকেলে ছুটে চলা শিবম পণ্ডিতের কণ্ঠে শুরুতেই শোনা যায়, ‘কিছু মানুষের গল্প তারা যেভাবে চায় সেভাবে শেষ হয় না, তাদের কাহিনী অন্যদের জন্য লেখা থাকে।’ সংলাপটি টিজারের আবহকে আরো রহস্যময় করে তুলেছে।

এরপর শিবমকে দেখা যায় আলিয়া হামিদের প্রতিকৃতির সামনে শ্রদ্ধা জানাতে। সেই দৃশ্যের মাঝেই তাঁর কণ্ঠে শোনা যায়, ‘কষ্টের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক।।’ ঠিক তখনই বাজতে শুরু করে ‘তো ফির আও’ গানের নতুন সংস্করণ। মিথুনের সুর এবং সাঈদ কাদরির গীতিকবিতায় তৈরি এই গান মুহূর্তেই ফিরিয়ে আনে ২০০৭ সালের ‘আওয়ারাপান’-এর স্মৃতি।

Awarapan 2 teaser: Emraan Hashmi's Shivam is back; Disha Patani joins  sequel - India Today

টিজারের শেষ মুহূর্তে ইমরানের সংলাপ, ‘এবার হয় এই  আওয়ারাপান শেষ হবে, নয়তো আমি...’ ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। 

অনেকের মতে, এই একটি সংলাপই সিক্যুয়াল ঘিরে প্রত্যাশা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

‘আওয়ারাপান ২’ প্রযোজনা করেছেন বিশেষ ভাট। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর এবং চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী। ইমরান হাশমির পাশাপাশি সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত খোলি এবং অতুল কুমার। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
 

তোপের মুখে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক
তোপের মুখে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
সংগৃহীত ছবি

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন সিনেমা। কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনী নিয়ে নির্মিত এই ছবির নাম রাখা হয়েছে ‘ঈথা’। আর এই নাম নিয়েই আপত্তি তুলেছেন শিল্পীর পরিবারের সদস্যরা এবং মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির নেতারা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। এতে বিঠাবাঈয়ের চরিত্রে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। বাস্তবধর্মী এই চরিত্রে অভিনয়ের সময় একাধিকবার আহতও হয়েছেন তিনি। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শক ও সিনেবিশেষজ্ঞদের মধ্যে আগ্রহ তৈরি হলেও নামকরণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিঠাবাঈয়ের ছেলে ও নাতির দাবি, যে শিল্পী সারা জীবন ‘লাবণী’ নৃত্যকে স্বীকৃতি দেওয়ার জন্য সংগ্রাম করেছেন, তাঁর জীবনীচিত্র তাঁর নিজের নামেই হওয়া উচিত ছিল। 

তাঁদের মতে, ‘ঈথা’ নামটি কিংবদন্তি এই শিল্পীর পরিচয়কে যথাযথভাবে তুলে ধরে না।

একই প্রশ্ন তুলেছে মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগও। তাদের বক্তব্য, বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন নিয়ে সিনেমা নির্মাণ করা হলেও কেন তাঁর নাম শিরোনামে রাখা হয়নি, সেটি বোধগম্য নয়। দলের পক্ষ থেকে ছবির নাম ‘বিঠা’ কিংবা ‘বিঠাবাঈ’ রাখার দাবি জানানো হয়েছে।

লোকসংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন বিঠাবাঈ। মঞ্চে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়, তবে ব্যক্তিগত জীবনে তাঁকে লড়াই করতে হয়েছে দারিদ্র্য ও আর্থিক সংকটের সঙ্গে। জীবনের শেষ সময়ও কেটেছে নানা অভাব-অনটনের মধ্যে।

সিনেমার টিজারে দেখা যায়, একদিকে মঞ্চে চলছে নৃত্য পরিবেশনা, অন্যদিকে নেপথ্যে প্রসববেদনায় কাতর প্রধান চরিত্র। সন্তান জন্ম দেওয়ার পরও শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে তিনি মঞ্চে উঠে নাচ পরিবেশন করেন। বাস্তব জীবনেও বিঠাবাঈ এমন ঘটনা ঘটিয়েছিলেন বলেই জানা যায়।

‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর আবারও ‘ম্যাডক ফিল্মস’-এর সঙ্গে কাজ করছেন শ্রদ্ধা কাপুর। এই সিনেমায় তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ূব। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ঈথা’।
 

ঝড়ের পূর্বাভাসে বাতিল কেটি পেরির কনসার্ট

বিনোদন ডেস্ক
ঝড়ের পূর্বাভাসে বাতিল কেটি পেরির কনসার্ট
সংগৃহীত ছবি

প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করে কর্তৃপক্ষ।

কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন কেটি পেরি। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বৈরী আবহাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি নির্দেশনায় আজ রাতে ‘ভেরখটার বুটিক’ শো-টি বাতিল করা হয়েছে। খবরটি যখন আমার কাছে আসে, তখন মঞ্চের পেছনে মেকআপ নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত তারা আমাকে আর কোনো কিছু বলেনি।’

হতাশা প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আপনাদের মতো আমিও ভীষণ মনঃক্ষুণ্ণ হয়েছি। বিষয়টি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তা সবসময় আমার কাছে সবার আগে। আবহাওয়া পরিবর্তনের ক্ষমতা আমার নেই। তবে আজ রাতে আপনাদের সঙ্গে গান গাইতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।’

দীর্ঘ ১৭ বছর পর ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান গেয়েছিলেন তিনি। তাই এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে কেটি জানান, জনপ্রিয় র‍্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল।

দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।