বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে রাজধানীর আদাবরের বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে নবোদয় হাউসিংয়ে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি হয়। নবোদয় হাউসিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া একপক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেক পক্ষ।
বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য সালিশের জন্য বসে। কোনো সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় পথের মধ্যে তাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। পরে তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বাদশাহকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। পরবর্তীতে তারা নিজেরা মিটমাট করে নেওয়ার জন্য সালিশে বসেছিলেন। কিন্তু সমাধান না হওয়ায় দু’জনের ওপর হামলা চালানো হয়েছে।’
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’





