• ই-পেপার

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

পুশ ইনের চেষ্টায় ১০ জনকে ভারতে ফেরত পাঠাল বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি
পুশ ইনের চেষ্টায় ১০ জনকে ভারতে ফেরত পাঠাল বিজিবি
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং এক শিশু রয়েছে।

আটকের পর তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই-বাছাই করে বিজিবি। তবে কেউই বাংলাদেশের নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে অনুপ্রবেশের সুযোগ না দিয়ে বৃহস্পতিবার রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে।

এ ঘটনার পর জুড়ী সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

যশোরে মাদক সেবনের পর বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে মাদক সেবনের পর বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে মাদক সেবনের পর বিশৃঙ্খলার অভিযোগে শহিদুল শেখ (১৮) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আদিল শেখ ও লাভলী বেগমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে রেলবস্তি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহিদুলের কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নোয়াখালীতে বাসচাপায় শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বাসচাপায় শিশু নিহত
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসচাপায় হাসনা বেগম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশের পোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসনা বেগম পার্শ্ববর্তী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে জয়াগ বাজারের পশ্চিম পাশের পোল এলাকায় আসে হাসনা। অটোরিকশা থেকে নামার পর একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসচাপায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বৃদ্ধ মা ও কিশোরী মেয়েকে নির্যাতন, চট্টগ্রামে মাদকাসক্ত ব্যক্তির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৃদ্ধ মা ও কিশোরী মেয়েকে নির্যাতন, চট্টগ্রামে মাদকাসক্ত ব্যক্তির কারাদণ্ড
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৮০ বছর বয়সী বৃদ্ধ মা ও নিজের কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতনের দায়ে মো. কামাল উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য এবং নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিয়মিত পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ৮০ বছর বয়সী বৃদ্ধ মাকে মারধর করে মাটিতে ফেলে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া মাতৃহীনা কিশোরী মেয়ের সঙ্গেও তিনি প্রায়ই আপত্তিকর ও অপ্রীতিকর আচরণ করতেন। বাবার এমন আচরণের কারণে মেয়েটির স্বাভাবিক জীবনযাপন ও লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় কামালের বাড়িতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভুক্তভোগী বৃদ্ধা মা ও কিশোরী মেয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন।

অভিযানকালে বসতঘর তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদকাসক্ত অবস্থায় বৃদ্ধ মা ও নিজের মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, জুয়া ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।