• ই-পেপার

এইচএসসির প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৭ পরীক্ষার্থী

তালতলীতে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
তালতলীতে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

বরগুনার তালতলীতে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রুবেল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া গ্রামের মো. জুলমাত খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিরতবক গ্রামের হাতেম খানের একটি কৃষ্ণচূড়া গাছ কাটার কাজ চলছিল। এ কাজে রুবেলসহ ৮ থেকে ৯ জন শ্রমিক অংশ নেন। গাছের উপরের ডাল কাটার পর সেগুলো পাশের পুকুরে পড়ে যায়।

পরে পুকুরে পড়ে থাকা ডাল তুলতে রুবেল পানিতে নামেন। এ সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা অর্ধেক কাটা গাছটি হঠাৎ ভেঙে পুকুরে পড়ে যায়। এতে রুবেল গাছের নিচে চাপা পড়েন এবং গাছের ডাল তার শরীরে আঘাত করে।

স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাফুজা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গাছ কাটার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আশুলিয়ায় শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পুত্রবধূ মুক্তা আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সখিনা বেগম (৬০) পাড়াগ্রাম এলাকার মনছের আলীর স্ত্রী। গ্রেপ্তার মুক্তা আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুক্তা আক্তার শাশুড়ির গলা চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে সখিনা বেগম অচেতন হয়ে পড়েন। পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে এনে স্বাভাবিক মৃত্যু হিসেবে দাফন করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পরদিন এক পর্যায়ে স্বামীর কাছে শাশুড়ির গলা চেপে ধরার কথা স্বীকার করেন মুক্তা আক্তার। পরে নিহতের ছেলে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

হবিগঞ্জে কৃষিজমিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জে কৃষিজমিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২
সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমিতে কাজ করার সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল্লাহ মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিদ মিয়া (৪০)।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে আব্দুল্লাহ মিয়া, আজিদ মিয়াসহ চারজন নিজেদের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় জমিতে আগে থেকে পড়ে থাকা একটি অবৈধ বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত অপর দুজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল কেন্দুয়া পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬), একই গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে ফজলু তালুকদার (৫০) এবং পৌরসভার বাদে আঠারবাড়ি গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে মো. সায়েম (৪৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাস্টারপাড়া এলাকার রামলাল রবিদাসের নিজ দখলীয় পরিত্যক্ত বসতঘরে অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের সন্ধ্যায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের পুলিশ পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।