মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং এক শিশু রয়েছে।
আটকের পর তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই-বাছাই করে বিজিবি। তবে কেউই বাংলাদেশের নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে অনুপ্রবেশের সুযোগ না দিয়ে বৃহস্পতিবার রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে।
এ ঘটনার পর জুড়ী সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





