• ই-পেপার

অভিযুক্তের গায়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি, পুলিশ কর্মকর্তাকে শোকজ

কালীগঞ্জে যুবকের আত্মহত্যা, বিয়ে নিয়ে বিরোধের অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
কালীগঞ্জে যুবকের আত্মহত্যা, বিয়ে নিয়ে বিরোধের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে প্রেমিকার বিভিন্ন প্রয়োজনে ধাপে ধাপে প্রায় ১৩ লাখ টাকা দেওয়ার পর বিয়ে না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার (৩০ জুন) এ ঘটনা ঘটে।

নিহত প্রেমিক কালীগঞ্জের নাগরী ইউনিয়নের রাথুরা দর্জিবাড়ি এলাকার মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ আফ্রিদি (২৩)।

নিহতের স্বজনরা জানান, রাথুরা এলাকার আওলাদ হোসেনের মেয়ের সঙ্গে আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে পলখান এলাকায় এক মারামারির ঘটনায় তার প্রেমিকার বোনের স্বামী আহত হন। এরপর চিকিৎসাসহ পরিবারটির বিভিন্ন প্রয়োজনে আফ্রিদি বিপুল অর্থ দেন। এ জন্য পারিবারিক জমি বিক্রি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে প্রায় ১২-১৩ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি।

সম্প্রতি প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং বিয়ের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যাত হয়। এতে হতাশাগ্রস্ত হয়ে মঙ্গলবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে থাকে আফ্রিদি। স্বজনরা দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর স্ত্রীর আত্মহত্যা

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর স্ত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি

কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে স্বামীর সঙ্গে ঝগড়া করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত নারী জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকার কামরুল ইসলাম খানের মেয়ে কণা আক্তার (১৯)। তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকার মাসুদের ছেলে সৌদিপ্রবাসী মেহেদীর স্ত্রী।

নিহতের স্বজনেরা জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে পারিবারিকভাবে কণার সঙ্গে সৌদিপ্রবাসী মেহেদীর বিয়ে হয়। বিয়ের এক মাস পর স্বামী প্রবাসে চলে যান। এর কিছুদিন পর থেকেই শাশুড়ির সঙ্গে কণার পারিবারিক কলহ শুরু হয়, যা একপর্যায়ে শারীরিক ও মানসিক নির্যাতনে রূপ নেয়।

এ ছাড়া শ্বশুরবাড়ির লোকজন কণা ও তার পরিবারের কাছে যৌতুক ও বিভিন্ন জিনিসপত্র দাবি করে চাপ সৃষ্টি করতে থাকেন। এতে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে কণা তার বাবার বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন। তিন-চার দিন আগে কণা তার নানাবাড়ি কাপাইস এলাকায় বেড়াতে যান।

মঙ্গলবার সকালে প্রবাসী স্বামী মেহেদীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপুরে নানাবাড়িতে থাকা অবস্থায় একটি কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। জানালা দিয়ে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাউফল

বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার
ইমরান হোসেন। সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নেতাকর্মীদের আহত করা এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৭ জুন) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া প্রায় ২৫টি মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ রয়েছে।

ঘটনার পর আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামিদের একজন ইমরান হোসেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

তবে এ ঘটনায় গ্রেপ্তার ইমরান কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

তালা ভেঙে পটিয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, থানায় অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
তালা ভেঙে পটিয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, থানায় অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে তালা ভেঙে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস মিয়া।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দক্ষিণ ছনহরাস্থ ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ে থাকা চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বাঁধানো ছবি ভাঙচুর করা হয়।

এ ছাড়াও কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি একটি স্ট্যান্ড ফ্যান, প্লাস্টিকের চেয়ার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী মো. ইদ্রিস মিয়া বলেন, বিএনপি অফিসে চুরি ও ভাঙচুরের এ ঘটনা রাজনৈতিকভাবে কার্যালয়কে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয়রা বলছেন, রাতের আঁধারে এ ধরনের ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও মালামাল চুরির অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।