কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরের কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইথান আহমেদ (১২) কাটাবিল এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পুলিশ মেতায়েন করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিাল স্কুলের সামনে মাদক বিরোধী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। পরে দুপুরেই একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহনকারীদের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইথানের মা সোনিয়া আক্তার জানান, আমার ছেলে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিলো। এর মধ্যেই পিঠে গুলি লাগে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গুলিবিদ্ধ স্কুল ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।





