• ই-পেপার

দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলীকে পণ্যসামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

আমতলীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
আমতলীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
ছবি: কালের কণ্ঠ

‘সবুজে সুন্দর আগামী’ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১০০টি চারা রোপণ এবং ১০০টি চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বনজ, ফলদ, ঔষধি ও ফুলের গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির ১০০টি চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, কদবেল, আমলকী, নিম, হরিতকী ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কায়সুর রহমান (ফকু)। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের অন্যতম বড় প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে ব্যাপক হারে গাছ লাগানোর বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবির। তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়াস।”

এ সময় উপস্থিত ছিলেন কুকুয়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক খোকন হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন, কামরুন নাহার, ফাতেমা বেগম, নাজমুন নাহার, মরিয়ম, সামসুন নাহার, কোহিনুর ও আল আমিন মিরাজ।

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা মো. আল আমিন (বাবু), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গাজী নাসির, সদস্য তালুকদার মো. মাসুদ রানা, মো. নাজমুল হাসান, ইমরান হোসাইন, মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং বিতরণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

গাইবান্ধার রামচন্দ্রপুর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
গাইবান্ধার রামচন্দ্রপুর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর বাজারে বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত এ কর্মসূচিতে বাজার এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. সামিউল বাসির, সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হামিম আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. সাকিব মিয়া, আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান এবং সদস্য মো. মিল্লাত হোসেন, সাকিল হাসান ও জাহিদ হাসান।

এ সময় অংশগ্রহণকারীরা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

সংগঠনের নেতারা বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সকলের সচেতনতা প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

সংগঠনের সভাপতি মো. সামিউল বাসির বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু একটি দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতারও পরিচয়। রামচন্দ্রপুর বাজারকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আমরা এ কার্যক্রম পরিচালনা করেছি। বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও আমরা নিয়মিতভাবে এমন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করব।

শান্তিগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

মো. নুরুল হক, (শান্তিগঞ্জ) সুনামগঞ্জ
শান্তিগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসচ্ছল এক প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শান্তিগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী রশিদ মিয়ার হাতে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি ও লবণ।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। কথা বলতেও তার সমস্যা হয়। নিজের নামে কোনো জমিজমা বা বসতভিটা নেই। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে সরকারি জায়গায় একটি ঝুপড়ি ঘরে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করেন। সংসারের একমাত্র উপার্জনের ভরসা তার স্ত্রী কলছুমা বেগম। তিনি স্বামীকে হুইলচেয়ারে নিয়ে বিভিন্ন বাজারে ঘুরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে কোনোমতে পরিবারের খরচ জোগান।

তিন সন্তানের মধ্যে একজন মেয়ে শান্তিগঞ্জের জেলা প্রশাসক ল্যাবরেটরিজ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। সীমাহীন দারিদ্র্যের কারণে পরিবারটির অনেক সময় না খেয়েও দিন কাটাতে হয় বলে স্থানীয়রা জানান।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুরুল হকের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা সিরাজ মিয়া ও মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, ব্যবসায়ী আজিদ মিয়া, সমাজসেবক মহিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতি  মো. নুরুল হক বলেন, ‘সমাজের অসহায়, দিনমজুর, প্রতিবন্ধী ও কর্মহীন বয়োবৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাই একসঙ্গে কাজ করলে মানবিক ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।’

খাদ্যসহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে রশিদ মিয়ার স্ত্রী কলছুমা বেগম বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমাদের সংসারে অনেক কষ্ট। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।’

স্থানীয় বাসিন্দারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এ ধরনের মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধও জাগ্রত করে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

শরণখোলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

মহিদুল ইসলাম শরণখোলা (বাগেরহাট)
শরণখোলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মান্নান শিকদার।

বসুন্ধরা শুভসংঘ শরণখোলা উপজেলা শাখার সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা শুভসংঘের সহসভাপতি ও বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. শাহীন উজ্জামান শাহীন, কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক মো. জাহাঙ্গীর কবির এবং কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক বিশ্বজীৎ দাস।

বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

তারা শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন বক্তারা।

সভায় উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।