• ই-পেপার

ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে। অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা বলছেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে চিকিৎসক আত্তাবের দোকানে যায়। এসময় কেউ না থাকার সুযোগে চিকিৎসক মেয়েটি ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। 

এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে। এসময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ভিকটিম ও তার পরিবার বলছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটি বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

তারেক রহমানের চকরিয়া সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি

জনসভায় ৩ লাখ মানুষের সমাগমের আশা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
তারেক রহমানের চকরিয়া সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি
ছবি: কালের কণ্ঠ

আগামী ১৪ জুন চকরিয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চকরিয়া পৌরসভা বিএনপি। ওই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল করতে ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১১টায় ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন। পরে পেকুয়ায় শহীদ ওয়াসীমের কবর জিয়ারত, পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর চকরিয়ায় এসে মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম জানান, জনসভায় চকরিয়া পৌরসভা এলাকা থেকে নারী-পুরুষ মিলিয়ে ৫০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে তারা আশা করছেন।

জনসভা সফল করার লক্ষ্যে শনিবার (৬ জুন) চকরিয়া আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে চকরিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতারা জনসভা সফল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা রক্ষা এবং আগত মানুষের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিএনপি নেতাদের প্রত্যাশা, ১৪ জুনের জনসভা চকরিয়ার রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশে পরিণত হবে এবং এতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এ সফরসূচি এখনো সম্ভাব্য পর্যায়ে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এতে পরিবর্তন আসতে পারে।

দোহারে প্রতিবন্ধী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহারে প্রতিবন্ধী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ঢাকার দোহার উপজেলায় ময়না আক্তার (১৯) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাই চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ময়না আক্তার ওই এলাকার শেখ হাসেমের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে তার বিয়ে হয়েছিল।

ময়নাদের পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় ময়নার ছোট ভাই, যিনি নিজেও বাকপ্রতিবন্ধী, ঘরের ভেতরে তাকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি কান্নাকাটি শুরু করলে পরিবারের অন্য সদস্যরা ঘটনাটি জানতে পারেন। তাৎক্ষণিকভাবে ময়নাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আল আমীন বলেন, ‘আমার বোনের বিয়ে হয়েছে মাত্র তিন মাস আগে। সন্ধ্যার দিকে আমার ছোট ভাই ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ প্রসাদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ফেনীতে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
ফেনীতে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফেনীর দাগনভূঞা উপজেলায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) পৌরসভার দক্ষিণ করিমপুর এবং মাতুভূঞা ইউনিয়ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত ওই দুই যুবক হলেন ইমরান আহমেদ রিফাত (৩০) ও হেদায়েত উল ইসলাম ওরফে ইকবাল (২৭)। রিফাত ওই এলাকার ইউনুস ডাক্তার বাড়ির আতিক উল্যাহর ছেলে। ইকবাল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করিমপুর এলাকার নিজ বসতঘর থেকে ইমরান আহমেদ রিফাত নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

গত তিন দিন ধরে রিফাত নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

রিফাতের বড় ভাই ইফতেখারুল আলম রিয়াদ বলেন, তিন দিন ধরে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার তার শয়নকক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে আমাদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, শয়নকক্ষের বিছানায় তারে জড়ানো অবস্থায় রিফাতের মরদেহ পাওয়া গেছে। তার পুরো শরীর পুড়ে কালো হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে তার মৃত্যু হয়েছে। তিনি একা ওই ঘরে বসবাস করতেন। তার পরিবারের লোকজন বেড়াতে গিয়েছিল। তারা বাড়িতে এসে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।

এর আগে, এদিন ভোরে বাড়ির সামনের সড়ক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করা হয়। ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয়রা বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলসহ ইকবালকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ইকবাল একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা বেঁধে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাঁশের চাপে তার ঘাড়ের একপাশ ভেঙে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুই ঘটনায়ই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।