• ই-পেপার

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক

গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক সালমান সিদ্দিকী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক সালমান সিদ্দিকী
সালমান সিদ্দিকী। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত বৈঠকে দুই মাস মেয়াদে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

জোটের বিদায়ী সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়ের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তানজিম হায়দার চঞ্চল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহ-সভাপতি নাঈমউদ্দীন এবং পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি শুভাশীষ চাকমা।

বৈঠকে জোটের নেতৃবৃন্দ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অব্যাহত খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় জনগণের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিয়ে বরং দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে অপ্রতুল বাজেট বরাদ্দের বিষয়েও তারা তীব্র সমালোচনা করেন।

বৈঠকে স্বাধীন বালুচিস্তানের দাবিতে আন্দোলনরত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অধিকারকর্মী মাহরাং বালুচের মুক্তি এবং সব নিপীড়িত জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

এ ছাড়া বৈঠকে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে আগামী ৩০ জুন দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স

পাবিপ্রবি প্রতিনিধি
১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স
সংগৃহীত ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্বের ১৩টি দেশের গবেষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস-২০২৬ (ইফাস্ট-২০২৬)’ শনিবার (২৭ জুন) শুরু হচ্ছে।

পাবিপ্রবির বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের (UniMAP) সেন্টার অব এক্সেলেন্স ফর অ্যাডভান্সড কম্পিউটিংয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলন উপলক্ষে শুক্রবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৯টি টেকনিক্যাল সেশনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ২২৮টি সরাসরি, ৭৮টি ভার্চুয়ালি এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশন থাকবে। উন্নত পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের বিভিন্ন শাখার সাম্প্রতিক গবেষণা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

সম্মেলনে মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, জার্মানিসহ বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদরা সরাসরি এবং ভার্চুয়ালি কীনোট ও ইনভাইটেড স্পিকার হিসেবে অংশ নেবেন।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘ধার করা প্রযুক্তি দিয়ে কোনো দেশ দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে না। আমাদের নিজস্ব প্রযুক্তি উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। এ আন্তর্জাতিক সম্মেলন বিশ্বব্যাপী গবেষকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, কনফারেন্স কনভেনার ড. মো. ফজলুল হক, কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মো. শামীম রেজাসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ ও যমুনা টেলিভিশন।

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈন, সম্পাদক তানভীর

বাকৃবি প্রতিনিধি
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈন, সম্পাদক তানভীর
সভাপতি আব্দুল্লাহ আল মঈন ও সাধারণ সম্পাদক মো. তানভীর আনজুম (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন। আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই অনুষদের স্নাতক শিক্ষার্থী মো. তানভীর আনজুম।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে শাখা সভাপতি নির্বাচন এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা।

সংগঠনটির দাবি, কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে আব্দুল্লাহ আল মঈন সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি তাঁকে সাংগঠনিক শপথবাক্য পাঠ করান।

এরপর সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মঈন শাখা সাধারণ সম্পাদক হিসেবে মো. তানভীর আনজুমকে মনোনয়ন দেন।

প্রসঙ্গত, নবগঠিত এ কমিটি ২০২৬ সালের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবে।

রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে ঐতিহাসিক মিলনমেলা : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে ঐতিহাসিক মিলনমেলা : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজিয়েট স্কুল কেবল রাজশাহী বা বাংলাদেশের নয়, বরং সমগ্র উপমহাদেশের একটি গর্বের প্রতিষ্ঠান। ২০২৮ সালে এই স্কুলের দ্বিশত বর্ষপূর্তি উদযাপিত হবে। আর সে অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা।

শুক্রবার (২৬ জুন) বিকালে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ২০২৮ সালে অনুষ্ঠেয় স্কুলের দ্বিশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

দ্বিশত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব রেখে স্কুলের প্রাক্তন ছাত্র মিজানুর রহমান মিনু বলেন, বর্তমান সেনাবাহিনীর প্রধানসহ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এই স্কুলেরই কৃতী ছাত্র। তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী।

মন্ত্রী সভায় দ্বিশত বার্ষিকী স্মৃতি হিসেবে স্কুলে একটি অত্যাধুনিক অডিটরিয়াম বা ‘২০০ ইয়ার্স হল’ নির্মাণের প্রস্তাব দেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী টাওয়ারের আদলে একটি দৃষ্টিনন্দন টাওয়ার বা স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে, যা সারা বিশ্বের মানুষের নজর কাড়বে। স্কুলের প্রাক্তন ছাত্র যারা দেশবরেণ্য শিল্পী, তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া উপহার হিসেবে বড় কোনো ক্রেস্টের পরিবর্তে ব্রিটিশ মিউজিয়াম বা প্রাচীন ঐতিহ্যের আদলে ছোট স্মারক মেডেল প্রদান করা হবে, যা বংশপরম্পরায় সংরক্ষিত থাকবে।

তিনি জানান, অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানের করতে এবং সারা বিশ্বের কাছে স্কুলের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অত্যন্ত স্বচ্ছতা ও সততার সঙ্গে অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে একটি প্রাথমিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দল-মত-নির্বিশেষে স্কুলের প্রতি ভালোবাসা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

উদযাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. বায়রুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রাক্তন ছাত্ররাও ছিলেন।