পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্বের ১৩টি দেশের গবেষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস-২০২৬ (ইফাস্ট-২০২৬)’ শনিবার (২৭ জুন) শুরু হচ্ছে।
পাবিপ্রবির বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের (UniMAP) সেন্টার অব এক্সেলেন্স ফর অ্যাডভান্সড কম্পিউটিংয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলন উপলক্ষে শুক্রবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৯টি টেকনিক্যাল সেশনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ২২৮টি সরাসরি, ৭৮টি ভার্চুয়ালি এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশন থাকবে। উন্নত পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের বিভিন্ন শাখার সাম্প্রতিক গবেষণা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
সম্মেলনে মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, জার্মানিসহ বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদরা সরাসরি এবং ভার্চুয়ালি কীনোট ও ইনভাইটেড স্পিকার হিসেবে অংশ নেবেন।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘ধার করা প্রযুক্তি দিয়ে কোনো দেশ দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে না। আমাদের নিজস্ব প্রযুক্তি উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। এ আন্তর্জাতিক সম্মেলন বিশ্বব্যাপী গবেষকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, কনফারেন্স কনভেনার ড. মো. ফজলুল হক, কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মো. শামীম রেজাসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ ও যমুনা টেলিভিশন।





