বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘সরকারের উচিত ছিল জাতীয় সংসদে আলোচনা করে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো। সংসদকে পাশ কাটিয়ে মধ্যরাতে এ সিদ্ধান্ত নিয়েছে। দিনের বেলায়ও সিদ্ধান্ত নেয়নি। অথচ সরকার পক্ষ থেকে বলা আছে, সব বিষয়ে আলোচনার জন্য সংসদের মাধ্যমে সব বিষয় সমাধান করবে।
শুক্রবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে সাভার সদর ইউনিয়নের চাপাইন নিউ মডেল স্কুল মাঠে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়েছে, দেশে নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সারা দেশে খুন, গুম, ধর্ষণ হচ্ছে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।’
দেওয়ালে পিঠ ঠেকে গেলে আন্দোলনে নামবেন জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, তাদের ওপর নিষেধাজ্ঞা আছে, তারা গণহত্যাকারী দল।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া বিভাগের ঢাকা জেলার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌরসভার নায়েবে আমির অধ্যাপক মো. মনসুর আলী, সাভার থানার সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহীম প্রমুখ।




