মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন মহানবী (সা.)। আল্লাহ তাআলা তাঁকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তাঁর প্রতি ঈমান, ভালোবাসা ও আনুগত্য যেমন ইসলামের মৌলিক দাবি, তেমনি তাঁর পবিত্র পরিবার—আহলে বাইতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনও একজন মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ কারণেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা দরুদ শরিফ পাঠ করার সময় শুধু মহানবী (সা.)-এর জন্য নয়, তাঁর পরিবারবর্গের জন্যও আল্লাহর কাছে রহমত ও বরকতের দোয়া করি—
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
এটি শুধু একটি দোয়া নয়; বরং মুসলিম উম্মাহর কাছে আহলে বাইতের মর্যাদা ও সম্মানের এক চিরন্তন ঘোষণা।
দুঃখজনক হলেও সত্য, আজ অনেক মুসলমান আহলে বাইত সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। কেউ তাঁদের প্রাপ্য মর্যাদা দিতে গিয়ে সীমা অতিক্রম করেন, আবার কেউ তাঁদের মর্যাদা ও অধিকার সম্পর্কে উদাসীনতা দেখান। অথচ ইসলামের শিক্ষা হলো মধ্যপন্থা—আহলে বাইতকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তাঁদের আদর্শ অনুসরণ করতে হবে; তবে এমন কোনো বিশ্বাস পোষণ করা যাবে না, যা কোরআন ও সুন্নাহর সীমার বাইরে চলে যায়।
'আহলে বাইত' শব্দের অর্থ হলো ‘গৃহের লোক’ বা ‘পরিবারের সদস্য’। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে আহলে বাইত! আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পূর্ণরূপে পবিত্র করতে।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৩)
এই আয়াত আহলে বাইতের বিশেষ মর্যাদার সুস্পষ্ট প্রমাণ। লক্ষণীয় বিষয় হলো, এই আয়াতের পূর্ববর্তী ও পরবর্তী আয়াতগুলো সরাসরি মহানবী (সা.)-এর পবিত্র স্ত্রীদের উদ্দেশে নাজিল হয়েছে। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সর্বসম্মত আকিদা হলো, উম্মাহাতুল মুমিনীন তথা মহানবী (সা.)-এর সম্মানিত স্ত্রীরা আহলে বাইতের অন্তর্ভুক্ত। পাশাপাশি আলী (রা.), ফাতিমা (রা.), ইমাম হাসান (রা.) ও ইমাম হুসাইন (রা.) আহলে বাইতের বিশেষ মর্যাদাপ্রাপ্ত সদস্য। সহিহ মুসলিমে বর্ণিত বিখ্যাত ‘হাদিসে কিসা’-তে আয়েশা (রা.) বলেন, একদিন মহানবী (সা.) একটি চাদরের নিচে হাসান, হুসাইন, ফাতিমা ও আলী (রা.)-কে একত্র করে উপরোক্ত আয়াত তিলাওয়াত করেন। (সহিহ মুসলিম, হাদিস : ২৪২৪)। এর মাধ্যমে তাঁদের বিশেষ ফজিলত ও সম্মান স্পষ্টভাবে প্রতিভাত হয়।
এতেই আহলে বাইতের পরিধি শেষ নয়। অধিকাংশ মুহাদ্দিস ও ফকিহের মতে, বনু হাশিমের মুসলিম সদস্যরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাঁদের মধ্যে রয়েছেন মহানবী (সা.)-এর চাচা আব্বাস (রা.) ও তাঁর বংশধর, আকিল (রা.)-এর পরিবার, জাফর (রা.)-এর পরিবার এবং হারিস ইবনে আবদুল মুত্তালিবের বংশধররা। মহানবী (সা.) তাঁদের প্রতিও বিশেষ সম্মান প্রদর্শন করতেন এবং মুসলিম উম্মাহকে তাঁদের মর্যাদা রক্ষা করার নির্দেশ দিয়েছেন।
আহলে বাইতের সম্মান এতটাই মহান যে তাঁদের জন্য সাধারণ জাকাত ও সাদকা গ্রহণ হারাম করা হয়েছে। যায়েদ ইবনে আরকাম (রা.) বর্ণনা করেন, মক্কা ও মদিনার মাঝখানে ‘গাদিরে খুম’ নামক স্থানে মহানবী (সা.) ভাষণ দিতে গিয়ে তিনবার বলেছিলেন, ‘আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি।’ পরে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি ব্যাখ্যা করেন যে, তাঁর স্ত্রীরা আহলে বাইতের অন্তর্ভুক্ত এবং যাঁদের জন্য সাদকা হারাম, তাঁরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৮৪৬৪)
আর সদকার মালের পরিবর্তে আল্লাহ তাআলা তাঁদের জন্য যুদ্ধলব্ধ সম্পদের (গনিমতের) নির্ধারিত অংশ রেখেছিলেন, যা তাঁদের মর্যাদারই বহিঃপ্রকাশ।
মহানবী (সা.) তাঁর পরিবারের সদস্যদের মর্যাদা সম্পর্কে বহু হাদিসে আলোকপাত করেছেন। গাদিরে খুমের ঘটনার প্রেক্ষাপটে তিনি বলেন, ‘আমি যার অভিভাবক (ঘনিষ্ঠ বন্ধু), আলীও তার অভিভাবক। হে আল্লাহ! যে আলীকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসুন এবং যে তাঁর শত্রুতা করে, আপনি তার শত্রু হোন।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৯৬১)।
একইভাবে তিনি ইমাম হাসান ও ইমাম হুসাইন (রা.) সম্পর্কে বলেছেন, ‘হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা।’ (সুনান তিরমিজি, হাদিস: ৩৭৬৮)।
আর তাঁর প্রিয় কন্যা ফাতিমা (রা.) সম্পর্কে বলেছেন, ‘ফাতিমা জান্নাতের নারীদের নেত্রী।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৭১৪)
এসব হাদিস প্রমাণ করে যে আহলে বাইতের সদস্যরা শুধু নবীজির আত্মীয়ই নন; তাঁরা ইসলামের ইতিহাসে অনন্য মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব। তাই আহলে বাইতের প্রতি একজন মুমিনের প্রথম কর্তব্য হলো তাঁদের অন্তর থেকে ভালোবাসা। এ ভালোবাসা শুধু আবেগের বিষয় নয়; এটি ঈমানের দাবি। দ্বিতীয় কর্তব্য হলো তাঁদের যথাযথ সম্মান করা এবং তাঁদের সম্পর্কে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য বা বিদ্বেষপূর্ণ মনোভাব থেকে বিরত থাকা। তৃতীয় কর্তব্য হলো তাঁদের জীবনাদর্শ অনুসরণ করা।
আলী (রা.)-এর জ্ঞান, ন্যায়পরায়ণতা ও সাহস, ফাতিমা (রা.)-এর ইবাদত, লজ্জাশীলতা ও ত্যাগ, ইমাম হাসান (রা.)-এর ধৈর্য ও উদারতা এবং ইমাম হুসাইন (রা.)-এর সত্যের জন্য আত্মত্যাগ—এসব প্রতিটি মুসলমানের জন্য অনুকরণীয় আদর্শ।
তবে এ ক্ষেত্রেও ইসলামের ভারসাম্যপূর্ণ শিক্ষা স্মরণ রাখা জরুরি। আহলে বাইতের প্রতি ভালোবাসা কখনোই এমন পর্যায়ে পৌঁছানো উচিত নয়, যাতে তাঁদেরকে নবুয়তের মর্যাদায় উন্নীত করা হয় বা তাঁদের সম্পর্কে এমন বিশ্বাস পোষণ করা হয়, যার কোনো ভিত্তি কোরআন ও সহিহ সুন্নাহে নেই। আবার অন্যদিকে তাঁদের মর্যাদা অস্বীকার করা, তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করা কিংবা তাঁদের অবমূল্যায়ন করাও মারাত্মক অন্যায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা হলো—আহলে বাইত এবং সকল সাহাবায়ে কিরাম—উভয়ের প্রতিই ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা। একজনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যজনকে হেয় করা কখনোই ইসলামের শিক্ষা নয়।
বিশেষভাবে লক্ষ্যনীয় বিষয় হলো-
ইসলামের ইতিহাসে কারবালার মর্মান্তিক ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে চিরস্থায়ী বেদনার স্মারক। ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাত নিঃসন্দেহে ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক অধ্যায়। এ ঘটনার পর মুসলিম সমাজে নানা মতভেদ ও বিভক্তির সৃষ্টি হয়। কেউ আহলে বাইতের প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে অন্য সাহাবিদের অবমাননা করেছে, আবার কেউ সাহাবিদের সম্মান করতে গিয়ে আহলে বাইতের প্রাপ্য মর্যাদা উপেক্ষা করেছে। অথচ কোরআন ও সুন্নাহ আমাদের যে পথ দেখিয়েছে, তা হলো ন্যায়, ভারসাম্য ও সংযমের পথ। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, সাহাবায়ে কেরাম সবাই ছিলেন ‘মিয়ারে হক’ তথা ‘সত্যের মাপকাঠি’। তাই কোনো ভাবেই তাঁদের কারো প্রতি কোনো ধরণের বিদ্বেষ বা রূঢ়মনোভাব পোষন করা যাবে না।
আহলে বাইত ছিলেন ঈমান, তাকওয়া, জ্ঞান, ইবাদত, ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার জীবন্ত প্রতীক। তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় শুধুমাত্র আবেগ নয়; বরং তাঁদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা, তাঁদের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া অব্যাহত রাখা। একই সঙ্গে সকল সাহাবায়ে কিরামের প্রতিও আন্তরিক ভালোবাসা ও সম্মান বজায় রাখা একজন সুন্নি মুসলমানের আকিদার অপরিহার্য অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী (সা.)-এর সুন্নাহ দৃঢ়ভাবে অনুসরণ করার, তাঁর পবিত্র আহলে বাইতকে যথাযথভাবে ভালোবাসার এবং সকল সাহাবায়ে কিরামের মর্যাদা রক্ষা করার তাওফিক দান করুন। আমিন।




