• ই-পেপার

হাছান-নওফেলসহ ২২ জনের অভিযোগ গঠন শুনানি আজ

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত

অনলাইন ডেস্ক
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সংগৃহীত ছবি

ভারতের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ, হত্যার পরিকল্পনা ও হত্যার ঘটনায় করা মামলার আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রবিবার (২১ জুন) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে গত ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন।

২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করে তার মরদেহ টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

এ মামলায় ২০২৪ সালের ৫ জুন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়ের চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান।

আনার হত্যার ঘটনায় তার মেয়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।

ঢাকার নতুন মহানগর দায়রা জজ হলেন শাহজাহান কবির

অনলাইন ডেস্ক
ঢাকার নতুন মহানগর দায়রা জজ হলেন শাহজাহান কবির

ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। এ বিষয়ে রবিবার (২১ জুন) রাতে আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আগামী ২৪ জুনের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর মো. সাব্বির ফয়েজ ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পান।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

মো. শাহজাহান কবিরের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন। বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেওয়ারিশ কুকুর অপসারণে রুল, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক
বেওয়ারিশ কুকুর অপসারণে রুল, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

বেওয়ারিশ কুকুর অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টিকাদান (এমডিভি) এবং কুকুর ধরা-বন্ধ্যাকরণ-টিকাদান-অবমুক্তকরণ (কনভির) কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে সেটি বাস্তবায়ন শুরু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ জুন) হাইকোর্টের বিভাগের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান।

একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান বলেন, বেওয়ারিশ কুকুর অপসারণ ও স্থানান্তরের বিরুদ্ধে জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে কমিউনিটি কুকুর ব্যবস্থাপনায় ক্যাচ-নেউটের-ভ্যাকসিন-রিলিজ (কনভির) এবং ম্যাস ডগ ভ্যাকসিনেশন (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত রুলে জানতে চেয়েছেন, স্থানীয় সরকার বিভাগের ১৫ ডিসেম্বর ২০২৫ সালের পরিপত্র এবং প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ধারা ৭(১) ও ১৪-এর পরিপন্থীভাবে পরিচালিত বেওয়ারিশ কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কার্যক্রম কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, কমিটিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গণকুকুর টিকাদান (এমডিভি) এবং কুকুর ধরা-বন্ধ্যাকরণ-টিকাদান-অবমুক্তকরণ (কনভির) কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে তা বাস্তবায়ন শুরু করতে হবে। পাশাপাশি নিয়মিত অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

রিট পিটিশনটি দায়ের করেন এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি। রিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন জনপরিসর থেকে বেওয়ারিশ কমিউনিটি কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়।

শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্ক
শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার রায় আজ
শিশু তাবাচ্ছুম। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার রায় আজ সোমবার (২২ জুন) ঘোষণা করা হবে। গতকাল রবিবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশু তাবাচ্ছুমকে নিজের ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত আবু তাহের। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি যন্ত্রণায় চিৎকার করতে গেলে আবু তাহের নিজের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ওই রাতেই শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন অভিযুক্ত আবু তাহের।

এ ঘটনার পর পরই অভিযুক্ত পালিয়ে গেলেও পুলিশের সাঁড়াশি অভিযানে ওই দিন রাতেই কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি আবু তাহের পুলিশের কাছে এবং পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন গত ২৬ মে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এরপর দ্রুততম সময়ে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রবিবার যুক্তিতর্ক শেষ হয়।

মামলার একমাত্র আসামি আবু তাহের একটি কম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাদেডিহি গ্রামে শিশু তাবাচ্ছুমদের বাড়ির পাশেই ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার চার মাসের মধ্যে চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ শেষ পর্যায়ে পৌঁছানোয় আদালত ও সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ভিকটিম শিশুর পরিবার।

একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে শোকে পাথর তাবাচ্ছুমের মা-বাবা জানিয়েছেন, অভিযুক্ত আবু তাহেরের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি চান তারা। ভবিষ্যতে আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণার দিন ধার্য করায় আদালতের কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আকিদুল ইসলাম বলেন, ‘আমরা আদালতে আসামির বিরুদ্ধে অপরাধের সব তথ্য-প্রমাণ ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নিখুঁতভাবে উপস্থাপন করতে পেরেছি। আমরা আশাবাদী, সোমবার আদালতের রায়ে ভুক্তভোগী পরিবারটি সর্বোচ্চ ন্যায়বিচার পাবে।’