মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভাজের আয়োজন করা হয়। এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।
মধ্যাহ্ন ভোজের সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার শিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গান’টির সঙ্গে নৃত্য পরিবেশ করে। দুই প্রধানমন্ত্রী ও তাদের সহধর্মিণী এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান ভবন থেকে নেমে আসলে প্রবেশ পথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে উভয়কে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শিশুদের সাথে কথা বলেন। তারা বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেন।
এরপর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মূল ফটকে গাড়ির সামনে এসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে বিদায় জানান।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরে শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে প্রধানমন্ত্রীর নির্ধারিত কয়েকটি কর্মসূচি রয়েছে।




