দেশে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথসভা চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। যৌথসভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের পক্ষে আরো বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর, কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
যৌথসভায় বক্তারা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম পচে-গলে ধ্বংস হয়ে গেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে চাই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ধরনের কাজে সফল হওয়া সম্ভব। এখনো আমরা যা করছি তা একান্তই ব্যক্তিগত।
বক্তারা আরো বলেন, জুলাই হয়েছে বলে আজ আমরা ঐক্যবদ্ধভাবে যৌথসভা করতে পারছি। তাই জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে চলবে না। একই সঙ্গে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জুলাইকে ধারণ করে পেশাগত মর্যাদাকে অক্ষুণ্ন রাখতে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
যৌথ সভায় বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সাংবাদিকদের পেশাগত উন্নয়নে যৌথভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, প্রেসগুলোকে নিয়ে যৌথ কনভেনশন করা, সাংবাদিকদের আবাসন সংকট নিরসন এবং যৌথভাবে ট্রেনিং প্রোগ্রাম করা।

