জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিতে পড়াশোনা করেছি। ভাইভা হয়েছিল ৬ জানুয়ারি ২০২৬। ভাইভা বোর্ডে ছিলাম ১৫ মিনিটের মতো।
আমি : স্যার, আসতে পারি?
চেয়ারম্যান : আসুন, আসসালামু আলাইকুম (আমি সালাম দেওয়ার আগেই তিনজন স্যার আমাকে সালাম দেন। আমি সালামের উত্তর দিয়ে নিজেও সালাম দিয়েছি। এরপর স্যার আমাকে কাছে ডেকে হ্যান্ডশেক করেন। মানচিত্র দেখিয়ে প্রশ্ন শুরু করেন)। ভেনেজুয়েলা নামের একটি দেশ আছে। এই দেশ নিয়ে এত আলোচনা কেন?
—স্যার, সম্প্রতি মার্কিন স্পেশাল ফোর্স এবং গোয়েন্দা সংস্থা সিআইএ যৌথভাবে ভেনেজুয়েলায় অপারেশন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে গিয়েছে।
চেয়ারম্যান : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র হামলা চালানোয় আন্তর্জাতিক আইনের কি লঙ্ঘন হয়েছে? হলে সেটা কী?
—জি স্যার, জাতিসংঘ সনদের ধারা ২(১)-এ সভারিন ইকুয়ালিটির বিষয়ে উল্লেখ আছে। এই ধারার একটি দিক হলো কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। ধারা ২(৪) অনুযায়ী নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া কোনো দেশে সামরিক হস্তক্ষেপ করা যাবে না। যুক্তরাষ্ট্র এই দুটি ধারাই লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
চেয়ারম্যান : আপনার ক্যাডার পছন্দক্রম বলুন।
—স্যার, বিসিএস অ্যাডমিন, কাস্টমস অ্যান্ড এক্সাইজ, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট... (সব কটি বললাম)।
চেয়ারম্যান : কাস্টমসে তো অনেক টাকা-পয়সা! হা হা হা... (এ কথায় বোর্ডের তিনজন স্যারই হাসলেন। আমিও হাসিমুখে বললাম, স্যার, টাকা তো বিজনেস করলেও আয় করা যাবে, কিন্তু পলিসি মেকিং আমার কাছে প্রাধান্য পেয়েছে।) Why administration is your first choice?
@Sir, Since my early age, I have wanted to work for grassroots people. Besides, I have prioritized my family’s decision as well as the facilities offered in the BCS Administration Cadre.
এক্সটার্নাল-১ : আপনি কি নার্ভাস?
—(মুচকি হেসে) জি স্যার, একটু নার্ভাস লাগছে!
এক্সটার্নাল-১ : ভয় পাওয়ার কিছু নেই! আমরা তো আপনাকে বকাঝকা করছি না! আচ্ছা, এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সিআইএ তুলে নিয়ে গেল বা হামলা চালাল, এর পেছনে কারণ কী?
—স্যার, আমেরিকার অভিযোগ দুটি—অবৈধ অভিবাসন ও মাদক পাচার। এই দুটি অজুহাত দেখিয়ে মূলত তারা ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়েছে।
এক্সটার্নাল-১ : আর কোনো কারণ নেই? আপনার কী মনে হয়?
—জি স্যার, আছে। বিভিন্ন গণমাধ্যম বা মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী আমেরিকার মূল লক্ষ্য ভেনেজুয়েলার খনিজ সম্পদের ওপর প্রভাব বিস্তার করা। বিশেষ করে ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর। কারণ ভেনেজুয়েলায় ব্যাপক ভারী তেলের মজুদ আছে। রাশিয়া বা অন্যান্য তেল উৎপাদনকারী দেশের খনিজ তেল হালকা। আর যুক্তরাষ্ট্রে ভারী তেলের চাহিদা বেশি।
এক্সটার্নাল-১ : এটা গণমাধ্যমের প্রতিবেদন, আপনি কি একমত?
—জি স্যার।
এক্সটার্নাল-১ : ইরাকে যুদ্ধের সময় আপনার জন্ম হয়েছে? এ যুদ্ধের বিষয়ে আপনি জানেন?
—জি স্যার।
এক্সটার্নাল-১ : যুক্তরাষ্ট্র কেন ইরাকে হামলা করেছিল?
—স্যার, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অর্থায়ন এবং রাসায়নিক অস্ত্র মজুদের কারণ দেখিয়ে।
এক্সটার্নাল-১ : হ্যাঁ, অস্ত্রের মজুদ। তারপর?
—স্যার, ইরাকে মার্কিন জোট বাহিনী ব্যাপক হামলা চালায়। ইরাকের তৎকালীন প্রেসিডেন্টকে (সাদ্দাম হোসেন) আটক করে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়।
এক্সটার্নাল-১ : বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো কী কী?
—স্যার, পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি প্রথমে বলব রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন...(স্যার থামিয়ে দিয়ে বললেন, পয়েন্ট আকারে না, বিস্তারিত বলুন।)
—স্যার, রোহিঙ্গা প্রত্যাবাসন। কারণ বাংলাদেশের অনেক বন্ধু রাষ্ট্রের মায়ানমার স্পেশালি আরাকানে স্বার্থ রয়েছে। যেমন—চীনের তেল-গ্যাসের পাইপলাইন, অর্থনৈতিক অঞ্চল, ভারতের কালাদান প্রজেক্ট, রাশিয়ারও বাণিজ্য সম্পর্ক বেশ গভীর। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনে বাংলাদেশ এই দেশগুলোর জোরালো সমর্থন পাচ্ছে না।
দ্বিতীয়ত স্যার, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। পানিবণ্টন চুক্তি, সীমান্ত হত্যাসহ বর্তমানে পুশ ইনের মতো ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নানা চ্যালেঞ্জের মুখে।
এক্সটার্নাল-১ : আর নেই? আরো আছে তো। বড় রাষ্ট্রগুলোর সঙ্গে ভারসাম্য তৈরি...
—জি স্যার, বৃহৎ রাষ্ট্র যেমন—একদিকে চীন-রাশিয়া কিংবা ভারতের মন জোগানো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন।
এক্সটার্নাল-১ : ন্যামের নাম শুনেছেন? কী এটা?
—স্যার, নন-অ্যালাইনড মুভমেন্ট। শীতল যুদ্ধের শুরুতে প্রতিষ্ঠা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল বড় শক্তির জোটে যুক্ত না হয়ে নিরপেক্ষ থাকা।
এক্সটার্নাল-১ : কোয়াডের সদস্যদের নাম বলুন।
—অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র।
এক্সটার্নাল-১ : বাংলাদেশ কি আইপিএসে যোগ দিতে দিতে চায়?
—জি স্যার। বাংলাদেশ তার নিজস্ব ইন্দো-প্যাসিফিক আউটলুক প্রকাশ করেছে।
এক্সটার্নাল-১ : এটা তো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। চীন বিষয়টি ভালোভাবে নেবে না। সে ক্ষেত্রে চীনকে আপনি কিভাবে হ্যান্ডল করবেন? চীনকে পাশে রাখা প্রয়োজন কেন?
—স্যার, চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বর্তমান বিশ্বরাজনীতিতে চীনের প্রভাব বাড়ছে। এ ছাড়া চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চীনা অর্থায়নে পরিচালিত হচ্ছে। সামরিক শক্তিতে চীন বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ। আমাদের দেশের অস্ত্র আমদানির প্রায় ৭০ শতাংশ আসে চীন থেকে...(এতটুকু শোনার পর চেয়ারম্যান স্যার বললেন, টাইম শেষ হয়ে যাচ্ছে।)
এক্সটার্নাল-২ : আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
—স্যার, গণিত।
এক্সটার্নাল-২ : পরিসংখ্যান পড়েছেন না?
—জি স্যার। আমাদের দুটি নন-মেজর পরিসংখ্যান কোর্স ছিল।
(এরপর স্যার স্ট্যাটিস্টিকস থেকে একটি ফর্মুলার ব্যাখ্যা চেয়েছিলেন। আমি এটা পড়েছিলাম, কিন্তু মনে পড়ছিল না। তাই বলতে পারিনি। স্যার আমার নিজের সম্পর্কে জিজ্ঞেস করেন, গুছিয়ে উত্তর দিয়েছি।)
চেয়ারম্যান : ওকে, আপনি আসতে পারেন। আপনার কাগজপত্র নিয়ে যান।
—ধন্যবাদ, স্যার। (সালাম দিয়ে বেরিয়ে আসি।)