পরীক্ষা শেষে টানা ছুটি। টানা পড়াশোনা ও মানসিক চাপের পর এখন যেন দম ফেলার ফুসরত! কিন্তু এই অবসর কি শুধু অলস বসে কাটানোর জন্য? একদমই না। বরং এই সময়টিই হতে পারে শিক্ষার্থীর পরবর্তী জীবনের ভিত্তি গড়ার সেরা সময়। কৈশোর থেকে তারুণ্যে পা দেওয়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে দক্ষ, স্মার্ট ও বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে ধাপে ধাপে তৈরি করতে হবে। মনে রাখবে, আজ যে ছোট ছোট দক্ষতা বা যোগ্যতা তুমি অর্জন করবে, ভবিষ্যতে সেগুলো তোমাকে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখবে। আজকের ক্ষুদ্র পদক্ষেপগুলোই আগামী দিনের সাফল্যের ভিত্তি হবে। তাই অলসতা ঝেড়ে ফেলে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করো। এর পাশাপাশি পরবর্তী শিক্ষাধাপে (কলেজ) ভর্তির প্রস্তুতির কথাও মাথায় রেখো।
কলেজে ভর্তির প্রস্তুতি
এসএসসি পরীক্ষা শেষ হওয়ার মানেই পড়াশোনার ইতি নয়; বরং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির লড়াই এখন দোরগোড়ায়। অনেক কলেজে ভর্তি পরীক্ষা হয়, আবার অনেক ক্ষেত্রে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হয়। পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় সিলেবাস ও গাইডবুক সংগ্রহ করে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারো। ভর্তির প্রস্তুতি পর্বকে একটা সুযোগ হিসেবেও কাজে লাগাতে পারো। কিভাবে? এসএসসি পর্যায়ের কোনো বিষয় বা অধ্যায়ে দুর্বলতা থাকলে এখনই কাটিয়ে উঠতে পারো। বেসিকে ভালো দখল থাকলে ভর্তি প্রস্তুতি পাকাপোক্ত হবে। পরবর্তীকালে এইচএসসিতেও একই বিষয়ে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে।
ভাষা শিক্ষায় বিশেষ জোর
বর্তমানে ভাষার গুরুত্ব বহুমুখী। বিশেষ করে ইংরেজি ভাষায় দখল না থাকলে উচ্চশিক্ষার পথ কঠিন হয়ে যায়। গ্রামার বা ব্যাকরণ মুখস্থ না করে ইংরেজি সিনেমা দেখা, গল্পের বই পড়া বা লিসেনিং প্র্যাকটিসের অভ্যাস গড়ে তোলো। মাদরাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষতা বাড়াতে পারো। এটি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেতে সাহায্য করবে। বাংলা ব্যাকরণেও গুরুত্ব দিতে হবে, অবহেলা করা যাবে না।
দক্ষতা উন্নয়ন
ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মেলাতে হলে অবশ্যই প্রযুক্তির জ্ঞান দরকার। অবসরে ছোট কোনো কম্পিউটার কোর্স বা গ্রাফিক ডিজাইনের ওপর প্রশিক্ষণ নিতে পারো। এখন এআইয়ের যুগ। এআইয়ে পারদর্শী হলে তুমি বহুমুখী দক্ষতা অর্জন করতে পারবে। এসব দক্ষতা ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং কিংবা খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি করে দেবে। শুধু পুথিগত বিদ্যাই যথেষ্ট নয়। বিতর্ক (ডিবেট), পাবলিক স্পিকিং, সৃজনশীল লেখালেখি বা ফটোগ্রাফির মতো সৃজনশীল কোনো বিষয়েও নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারো। ছোট ছোট দক্ষতাই ভবিষ্যতে তোমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পরিবারের সদস্য, পরিচিত অভিজ্ঞ কারো সহযোগিতা নিতে পারো। এ ছাড়া অনলাইনেও অসংখ্য রিসোর্স ও টিউটরিয়াল পাওয়া যাবে। তবে ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকবে। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে শিক্ষামূলক কনটেন্ট দেখো। সাইবার নিরাপত্তা ও অনলাইন শিষ্টাচার সম্পর্কেও সচেতন হতে হবে।
নতুন কিছু শেখার আগ্রহ
বইয়ের পাতার বাইরের বিশাল জগেক জানার জন্য লম্বা ছুটির সময়টা কাজে লাগাও। শিক্ষাজীবনে এটাই ভ্রমণের মোক্ষম সময়। শুধু চার দেয়ালের মধ্যে আবদ্ধ না থেকে দেশের ঐতিহাসিক বা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো থেকে ঘুরে আসার চেষ্টা করো। ভ্রমণ মানুষের চিন্তার জগৎ প্রশস্ত করে। নতুন অভিজ্ঞতা ও জীবনের বৈচিত্র্য সম্পর্কেও বাস্তব ধারণা দেয়। ভ্রমণের পাশাপাশি এই সময়ে নতুন কোনো সৃজনশীল কাজে নিজেকে যুক্ত করতে পারো। নতুন কোনো কিছু শেখার প্রবল আগ্রহ থাকতে হবে। অজানাকে জানার আকাঙ্ক্ষা তোমার মনকে প্রফুল্ল করবে। মনে প্রশান্তি এনে দেবে। মানসিকভাবে নিজেকে চাপমুক্ত রাখতে পারবে। দীর্ঘ একাডেমিক চাপের পর এই মানসিক প্রশান্তি তোমার আত্মবিশ্বাস ও অভিযোজন ক্ষমতা কয়েক ধাপ বাড়িয়ে দেবে। ভ্রমণের প্রতিটি মুহূর্ত এবং নতুন কিছু দেখা বা শেখার সুযোগ তোমাকে পরবর্তীকালে আরো পরিশ্রমের শক্তি জোগাবে।
পাবলিক স্পিকিং অনুশীলন
অনেকেই মঞ্চে বা অনেক মানুষের সামনে কথা বলতে ভয় পায়। জড়তা কাজ করে। ছুটির সময়টাতে বিতর্ক বা জনসমক্ষে কথা বলার অভ্যাস গড়তে পারো। আয়নার সামনে দাঁড়িয়ে জড়তা কাটানোর চর্চা শুরু করে দাও। এ ছাড়া পরিচিত কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার সময়ও এটি চর্চা করতে পারো।
স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়া
সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করা যায়। নিজের এলাকার কোনো পাঠাগার কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানোর মতো সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে পারো। এ ধরনের কাজের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি ও ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করতে পারবে।
শারীরিক সক্ষমতা ও শিল্পকলা
দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকবে। নিয়মিত ব্যায়াম, ইয়োগা বা সাঁতারের মতো কোনো শারীরিক খেলাধুলায় সময় দাও। এগুলো তোমার কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। গান, গিটার, সেতার, ছবি আঁকা বা কোনো বাদ্যযন্ত্র শেখার ইচ্ছা থাকলে এখনই অনুশীলনের উপযুক্ত সময়। তবে খেয়াল রাখবে, কোনো কিছুই যেন নিজের মূল কাজ অর্থাৎ পড়াশোনার জন্য সমস্যার কারণ না হয়।
নৈতিক শিক্ষা ও বই পড়ার অভ্যাস
জীবনে সফলতা ও সুন্দর ভবিষ্যতের জন্য একজন ভালো মানুষ হওয়া জরুরি। এই সময়টিতে নৈতিক বা ধর্মীয় শিক্ষা বিষয়ক বই পড়তে পারো। এ ধরনের বই অনুপ্রেরণার পাশাপাশি আত্মিক ও মানসিকভাবে গড়ে উঠতে সহায়তা করবে। চারিত্রিক দৃঢ়তা অর্জনেও নৈতিক শিক্ষার দরকার। পাঠ্যবইয়ের বাইরেও বিশাল এক জগৎ রয়েছে। বিশ্বসাহিত্য, বিজ্ঞান, ইতিহাস কিংবা জীবনমুখী বই পড়ার অভ্যাস গড়ে তোলো। প্রচুর পড়ার মাধ্যমেই নিজের চিন্তার জগৎ সমৃদ্ধ করা সম্ভব।
বাগান ও ঘরোয়া কাজে
বাড়ির ছাদে বা আঙিনায় বাগান করার অভ্যাস করো। এই কাজগুলোর মাধ্যমে পরোক্ষভাবে মানুষ অনেক গুণ অর্জন করতে পারে। ভবিষ্যতে পড়াশোনা কিংবা চাকরির প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। তাই এ সময়টিতে মা-বাবার কাছ থেকে সাধারণ রান্নাবান্না ও ঘর গোছানোর কাজগুলো শিখে নিতে পারো।