প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। গতকাল রবিবার সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই জামিন মঞ্জুর করেন। বগুড়া জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম কালের কণ্ঠকে এই তথ্যটি নিশ্চিত করেন।
মামলার বিবরণ অনুযায়ী, বগুড়া ডিবি পুলিশের একটি দল গত বৃহস্পতিবার গাজীপুরের গাছা উপজেলার বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলে। এরপর বিচারকের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। সূত্র মতে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ সংশ্লিষ্ট বিষয়ে ১৫ জুন সাংবাদিক তানভীর আলম রিমন জেলার সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি এজাহার হিসেবে গ্রহণে বগুড়া সদর থানাকে নির্দেশ দেন।


