রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য সরকারি প্লট স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে সমাবেশ করেছে স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটের ‘মসজিদ আল জান্নাহ’-এর সামনে এই সমাবেশ হয়। বক্তারা বলেন, উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে বিভিন্ন ধর্মের উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ থাকলেও মুসলিম জনগোষ্ঠীর জন্য মসজিদের কোনো নির্দিষ্ট স্থান রাখা হয়নি। এ কারণে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের উদ্যোগে প্লটটিতে অস্থায়ীভাবে ‘মসজিদ আল জান্নাহ’ প্রতিষ্ঠা করা হয়েছে।
সমাবেশে বক্তারা ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিবেচনায় ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটটি ‘মসজিদ আল জান্নাহ’-এর নামে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মুসল্লিদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সেখানে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি বলেন, ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্লটটি ‘মসজিদ আল জান্নাহ’-এর নামে স্থায়ীভাবে বরাদ্দের বিষয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সমাবেশে আরো বক্তব্য দেন মসজিদ আল জান্নাহর সভাপতি লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম (অব.), সহসভাপতি মো. মাসুদ আলম, সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তি


